1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-৩ আসনে জামানত হারালেন সাবেক এমপিসহ ৫ প্রার্থী

  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে সাত প্রার্থীর মধ্যে পরাজিত পাঁচ প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁরা হলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী (রিক্সা), স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ তুষার (টেবিল ঘড়ি), খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ (দেওয়াল ঘড়ি), আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী সৈয়দ তালহা আলম (ঈগল) ও স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ (ফুটবল)।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, নির্বাচনী আইন অনুযায়ী মোট প্রাপ্ত ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ৮ ভাগের ১ ভাগের কম ভোট যদি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের পর কারো প্রত্যাহার গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ১ লাখ ৬৪ হাজার ৩৯২ ভোট প্রদান করা হয়েছে। ফলে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি ২০ হাজার ৫৪৯ ভোটের চেয়ে কম ভোট পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। এ আসনে সাত প্রার্থীর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী কয়ছর আহমেদ ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপর ৬ প্রার্থীর মধ্যে শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ছাড়া নির্বাচনী আইন অনুযায়ী মোট ভোটের এক-অষ্টমাংশের কম অর্থাৎ ২০ হাজার ৫৪৯ ভোটের কম পাওয়ায় বাকি ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মোট প্রাপ্ত ভোট হলো, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (তালা) প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী (রিক্সা) প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২০৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ তুষার (টেবিল ঘড়ি) প্রতীকে ২৩৭ ভোট, খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ (দেওয়াল ঘড়ি) প্রতীকে ৮৫৭ ভোট, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী সৈয়দ তালহা আলম (ঈগল) প্রতীকে ৪ হাজার ৯৩৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ (ফুটবল) প্রতীকে পেয়েছেন ১৭৭ ভোট।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com