1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:

হালাল উপার্জনে ইবাদতে পূর্ণতা

  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

মানবজীবনে ইবাদত শুধু কিছু নির্দিষ্ট আমল বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যেখানে প্রতিটি কাজের পেছনে থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য। আর প্রতিটি ইবাদত কবুলের অন্যতম প্রধান শর্ত হলো হালাল উপার্জন। পবিত্র কোরআন ও হাদিসে বারবার হালাল ও পবিত্র রিজিকের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। কারণ মানুষের খাদ্য, উপার্জন ও জীবনযাত্রার বৈধতা তার আমল ও আখিরাতের সফলতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
তাই একজন মুমিনের জন্য শুধু ইবাদত করাই যথেষ্ট নয়, বরং সেই ইবাদতের ভিত্তি—তার উপার্জন—হতে হবে সম্পূর্ণ পবিত্র ও সৎ পন্থায়। আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদাররা! তোমাদের আমি যেসব পবিত্র রিজিক দিয়েছি, তা থেকে আহার করো। পাশাপাশি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, যদি তোমরা শুধু তাঁরই ইবাদত করে থাকো।’ (সুরা : বাকারা, আয়াত : ১৭২)

সব মানুষের প্রতি হালাল ভক্ষণের নির্দেশ জারি করা হয়েছে।
বৈধভাবে উপার্জনের নির্দেশ প্রত্যেক নবীর জন্যও ছিল। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘হে রাসুলরা! তোমরা পবিত্র বস্তু ভক্ষণ করো এবং নেক কাজ করো।’ (সুরা : মুমিনুন, আয়াত : ৫১)

অবৈধভাবে উপার্জিত খাবার খেয়ে ইবাদত করলে সাওয়াব পাওয়া যাবে না। ওই ইবাদতের মাধ্যমে জান্নাতেও যাওয়া যাবে না।
মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘ওই গোশত (দেহ) জান্নাতে যাবে না, যা হারাম (খাবার) থেকে উৎপন্ন। জাহান্নামই এর উপযোগী।’ (ইবনে হিব্বান, হাদিস নং : ১৭২৩, তিরমিজি, হাদিস নং : ৬১৪)

প্রকৃত মুসলমান হিসেবে জীবনযাপন করতে হলে হালাল জীবিকা উপার্জনের বিকল্প নেই। হালাল পথে উপার্জিত জীবিকা ভক্ষণে মানুষের স্বভাব-চরিত্র সুন্দর হয়। মানুষের মধ্যে সৎ সাহস ও সত্যানুরাগ জন্মে।
অন্যদিকে হারাম উপার্জন মানুষের মধ্যে ক্ষতিকর প্রভাব বিস্তার করে। এটি নৈতিক অধঃপতন ডেকে আনে এবং মানুষকে বিপথগামী করে। তাই ইসলাম জীবনোপকরণ সংগ্রহে নৈতিকতার প্রশ্ন সামনে নিয়ে এসেছে। নিজের ও পরিবারের জন্য বৈধ রিজিকের সন্ধান করা মুসলমানের ফরজ দায়িত্ব। হাদিস শরিফে এসেছে, ‘হালাল রিজিকের সন্ধান করা অন্য ফরজ ইবাদতের পর অন্যতম ফরজ।’ (আল মুজামুল কাবির, হাদিস নং : ৯৯৯৩)

অবৈধভাবে অর্থ উপার্জন করে এর কিছু অংশ দান করলেই পাপ মোচন হয় না। অবৈধ সম্পদ দান করে নেকির আশা করাটাও গুনাহের কাজ। অনেকের ধারণা, অবৈধ উপার্জন করে কিছু দান করে দিলে আর হজ করলে সব সম্পদ বৈধ হয়ে যায়! অথচ বিষয়টি মোটেও সত্য নয়। অবৈধ উপার্জনের জন্য অবশ্যই কিয়ামতের দিন জবাবদিহির সম্মুখীন হতে হবে। মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘কিয়ামতের দিন কোনো মানুষ নিজের স্থান থেকে এক বিন্দু পরিমাণ সরতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে চারটি প্রশ্নের জবাব দিতে পারবে না। এর মধ্যে অন্যতম প্রশ্ন হলো-‘ধন-সম্পদ কোথা থেকে উপার্জন করেছ, আর কোথায় ব্যয় করেছ?’ (তিরমিজি, হাদিস নং: ২৪১৭)

অতএব, হালাল উপার্জন ছাড়া ইবাদতের প্রকৃত সৌন্দর্য ও গ্রহণযোগ্যতা অর্জন করা সম্ভব নয়। এটি শুধু ব্যক্তিগত নৈতিকতার বিষয় নয়, বরং আখিরাতের জবাবদিহির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রত্যেক মুসলমানের উচিত, তার জীবিকা অর্জনের ক্ষেত্রে সততা, ন্যায়পরায়ণতা ও আল্লাহভীতি অবলম্বন করা। কেননা হালাল রিজিকের মাধ্যমে গড়ে ওঠে একটি পবিত্র জীবন, যা দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সফলতা বয়ে আনে।

সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com