1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বাংলাদেশের সবাই কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, “আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, বর্তমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত বিএনপি সরকার বিশ্বাস করে যে, এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে।”

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসেবে গড়ে তোলা, সেই জন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি।

“এরই ভিতরে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে, এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষকের কাছে চেষ্টা করব ইনশাআল্লাহ সরাসরি ১০টি সুবিধা পৌঁছে দিতে, যেই ১০টি সুবিধার মাধ্যমে কৃষক তার অবস্থান অনেক ক্ষেত্রেই পরিবর্তন করতে সক্ষম হবে।”

সমাবেশে উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি বলেন, “আমি, আপনি আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, মাঠে যত মানুষ উপস্থিত আছেন, এই মঞ্চে যত মানুষ উপস্থিত আছেন, আমি হয়তো সরাসরিভাবে কৃষির সাথে সম্পর্কিত নই, কিন্তু আমাদের পরিবারের কেউ না কেউ আছে, যেই মানুষটি কৃষির সাথে সম্পর্কিত।

সরাসরিভাবে এখনো সম্পর্কিত আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনের। অর্থাৎ বাংলাদেশের আমরা যত মানুষ আছি, প্রত্যেকটি পরিবার, ৪ কোটি পরিবার আছে, প্রত্যেকটি পরিবারের কেউ না কেউ কৃষির সাথে সম্পর্কিত। অর্থাৎ এই দেশের প্রধান পেশাই হচ্ছে কৃষি।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন প্রেস করা মাত্রই টাঙ্গাইল সদরসহ দেশের ১১ উপজেলার ২২ হাজার ৬৫ জন প্রান্তিক কৃষকের মোবাইলে আড়াই হাজার টাকা করে পৌঁছে যায়। এর মধ্য দিয়ে নির্বাচনি প্রতিশ্রুতির কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করেন সরকারপ্রধান।

আগামী পাঁচ বছরের মধ্যে সরকার পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে কার্ড পৌঁছিয়ে দেবে বলে জানান তিনি।

৫ জন কিষাণ-কিষাণির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দিয়ে প্রধানমন্ত্রী রসিকতা করে বলেন, “এই যে গাছের চারা দিচ্ছি, তা বড় হলে ফল কিন্তু আমার জন্য পাঠাবেন।”

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে কৃষককে সেচ সুবিধার আওতায় এনেছিলেন জানিয়ে দলটি ত্রয়োদশ সংসদ নির্বাচনে খাল খননের প্রতিশ্রুতি দিয়েছিল।

সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়ে গেছে জানিয়ে তারেক রহমান বলেন, “সমগ্র বাংলাদেশে আমরা খাল খনন কর্মসূচি শুরু করেছি। আমাদের লক্ষ্য রয়েছে- আমরা আগামী ৫ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ইনশাআল্লাহ খনন করব।

“এর মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে- কৃষকের সেচের জন্য যে পানির কষ্ট, তাদের যে ভুগতে হয়, আমরা এই খাল খননের মাধ্যমে কৃষক ভাইদের কাছে, কৃষাণি বোনদের কাছে আমরা সেচের পানি পৌঁছে দিতে চাই।”

প্রধানমন্ত্রী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যার মাধ্যমে আমরা দেখেছিলাম এক বছরের মধ্যে বাংলাদেশ কৃষিতে মোটামুটিভাবে ফসলে স্বয়ংসম্পন্ন হয়েছিল এবং যেই বাংলাদেশে আমরা দেখেছিলাম ১৯৭৪ সালে দেশের মানুষ না খেয়ে অসংখ্য মারা গেছিল দুর্ভিক্ষে… সেই বাংলাদেশে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুধুমাত্র খাল খনন করার ফলে কৃষক সেচ সুবিধা পাওয়ার ফলে কৃষির উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং এই বাংলাদেশ থেকে অল্প পরিমাণে হলেও বিদেশি খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল।”

তারেক রহমান বলেন, “বিএনপি সরকার যতবার এই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বিএনপি সরকার চেষ্টা করেছে কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন, ইনশাল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে।

“আমি বলতে চাই, এখন আমাদেরকে দেশ গড়ার সময়। কৃষক ভাইদের পাশে আমরা যেমন দাঁড়াব, একই সাথে আমরা আমাদের দেশের কৃষাণিবোনসহ আমাদের দেশের যে নারী সমাজ আছে.. এই নারীরা দেশের অর্ধেক জনসংখ্যা, এই নারী সমাজকে যদি আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি- তাহলে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব।”

বিএনপি সরকার জনগণের সরকার মন্তব্য করে সরকারপ্রধান তারেক বলেন, “এই সরকার— দেশের মা-বোনদের কথা বলুন, মসজিদের ইমাম-খতিব সাহেবসহ অন্যান্য ধর্মীয় গুরু যারা আছেন, তাদের কথা বলুন, ছাত্রদের কথা বলুন, দল-শ্রেণি-পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে।

“আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন; আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেজন্যই আমরা বলে থাকি, ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আসুন আমরা এই দেশের প্রত্যেকটি নাগরিক আমরা রাজনীতি করি বা না করি, আমরা কৃষক হই বা না হই, আমরা ছাত্র হই না হই, আমরা ব্যবসায়ী হই বা না হই; যে মানুষই হয়ে থাকি না কেন, যে পেশার মানুষ হয়ে থাকি না কেন, প্রত্যেকের আমাদের একটি আকাঙ্ক্ষা আছে… নিজের দেশটিকে আমরা ভালো দেখতে চাই। নিজের দেশটিকে আমরা সুন্দর দেখতে চাই।

“আমরা দেখতে চাই- এই দেশের মানুষ নিরাপদে এই দেশে বসবাস করছে। এই দেশের মানুষ এই দেশের সন্তানেরা এদেশেই বড় হচ্ছে,স্বাচ্ছন্দে বড় হচ্ছে, খেয়ে পড়ে, ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি করে নিরাপদের সাথে, নিরাপত্তার সাথে বড় হচ্ছে। আমাদের লক্ষ্য সেটাই।”

বিএনপি চেয়ারম্যান বলেন, “আজকে এই কৃষক কার্ড উদ্বোধন করার মাধ্যমে আবারো আমি বাংলাদেশের সকল শ্রেণি-পেশা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে আবারো দেশ গঠনের আমন্ত্রণ জানাচ্ছি।”

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই যে পহেলা বৈশাখ আজকের এই অনুষ্ঠানটি, পহেলা বৈশাখ কীভাবে আসল, নিশ্চয়ই অনেকেরই আপনাদের ধারণা আছে। যদিও বর্তমানে এটি একটি সামাজিক অনুষ্ঠানে রূপ নিয়েছে। কিন্তু পহেলা বৈশাখটি আসলে আমাদের এই বাংলাদেশের কৃষকদের সাথে সম্পর্কিত।“
সূত্র বিডিনিউজ২৪.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com