জগন্নাথপুর২৪ ডেস্ক::
এবার রাজধানীর পল্লবীর বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিন আগে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। জানা গেছে, তাঁর স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী।
সম্প্রতি পল্লবী ৬ নম্বর সেকশনের ১৩ নম্বর সড়কের বাসা থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তার চার ছেলেমেয়ের মধ্যে একজন যুগ্মসচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন কানাডা প্রবাসী। আর স্কুলশিক্ষক মেয়ের বাসায় থাকতেন মা। যদিও মায়ের মৃত্যুর কয়েকদিন পরও তা বুঝতে পারেননি মেয়ে।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ জানান, খবর পেয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পল্লবী থানার সেকশন-৬ এলাকার ব্লক-সি, রোড-১০-এর ১৪ নম্বর বাসার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন সেলিনা আফরোজ। বুধবার সকাল ৭টার দিকে ওই ফ্ল্যাট থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে ভিকটিমের সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে যোগাযোগ করেন তার ভাতিজা আশফাকুর রহমান। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এ কারণে পুলিশের ধারণা, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তিনি মারা যান।
মৃত সেলিনা আফরোজ মৃত খলিলুর রহমান ও মৃত আফিয়া রহমানের মেয়ে। তিনি পৈতৃক সূত্রে পাওয়া ওই ফ্ল্যাটে প্রায় ১০ থেকে ১২ বছর ধরে একা বসবাস করছিলেন।
পুলিশ জানিয়েছে, সেলিনা আফরোজের স্বামী মোবিনুল হক ও দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করেন। তিনিও একসময় পরিবারের সঙ্গে কানাডায় থাকতেন। তবে পারিবারিক বিরোধের জেরে প্রায় ১২ বছর আগে দেশে ফিরে এসে পল্লবীর ওই বাসায় একা বসবাস শুরু করেন।
পল্লবী থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। সূত্র-সমকাল