জগন্নাথপুর২৪ ডেস্ক::
পূর্ব লন্ডনের একটি ভারতীয় রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ১৫ বছরের কিশোর এবং ৫৪ বছর বয়সী এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পাঁচজন গুরুতর আহত হন।লন্ডনের মেট্রোপলটন পুলিশের তরফে জানানো হয়েছে, গত শুক্রবার রাতে ভয়াবহ এই ঘটনা ঘটে লন্ডনের ইন্ডিয়ান অ্যারোমা রেস্তরাঁয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ। ঘটনার তদন্তে নেমে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের একজনের বয়স মাত্র ১৫ বছর, অন্যজন ৫৪ বছর বয়সি। অনুমান করা হচ্ছে, পরিকল্পিতভাবে রেস্তরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। পুলিশের অনুমান ঘটনায় আরও দুই জন আহত হয়েছিলেন। তবে পুলিশ আসার আগে তারা সেখান থেকে চলে যান
অগ্নিকাণ্ডের ঠিক আগের মুহূর্তের কিছু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, পরিকল্পনা করেই এই আগুন লাগানো হয়েছে। ফুটেজে দেখা গিয়েছে, মুখ ঢেকে কয়েকজন লোক রেস্তরাঁর পাশে সন্দেহজনকভাবে ঘরাঘুরি করছিলেন। এরপর কিছু তরল পদার্থ ঢালতে দেখা যায় তাদের। তারপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মেট পুলিশের সেন্ট্রাল স্পেশালিস্ট ক্রাইম নর্থ ইউনিটের গোয়েন্দা প্রধান পরিদর্শক মার্ক রজার্স বলেছেন, ‘যদিও আমরা দুজনকে গ্রেপ্তার করেছি, আমাদের তদন্ত দ্রুতগতিতে চলছে যাতে শুক্রবার সন্ধ্যায় কী ঘটেছিল তা আমরা সামনে আনতে পারি। আমি জানি এই ঘটনায় মানুষ উদ্বিগ্ন এবং হতবাক। আমি যেকোনো তথ্য বা উদ্বেগ থাকলে এগিয়ে এসে পুলিশের সাথে কথা বলার জন্য অনুরোধ করব।’
লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিসের তরফে জানানো হয়েছে, “দুর্ঘটনার খবর পেয়েই আমরা একটি চিকিৎসক দল ঘটনাস্থলে পাঠাই। সেখানেই আহত ৫ জনের চিকিৎসা করা হয়। পরে দুই জনকে ট্রমা কেয়ারে ও তিন জনকে হাসপাতালে পাঠানো হয়।
সূত্র : ইন্ডিয়া টুডে, সৌজন্যে মানব জমিন