স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড কার্যালয়ের আয়োজনে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সরকারি খরচে আইনগত সহায়তা ও আপোষে বিরোধ মীমাংসা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ মো. জুনাইদ জানান, সরকারি খরচে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার নিশ্চিত করতে সরকার লিগ্যাল এইড সেবা চালু করেছে। অনেক সময় সঠিক তথ্যের অভাবে কিংবা অর্থের অভাবে প্রান্তিক মানুষ আইনি সেবা পাওয়া থেকে বঞ্চিত হন। আদালতের দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত খরচ এড়াতে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আপোষ-মীমাংসাই সবচেয়ে কার্যকর পথ। লিগ্যাল এইড অফিস বিনামূল্যে এই আইনি পরামর্শ, মামলা পরিচালনা ও আপোষে বিরোধ নিষ্পত্তির সুবিধা দিয়ে থাকে। বিচারপ্রার্থী মানুষ যাতে খুব সহজেই এই সেবা পেতে পারে, সে লক্ষ্যে তৃণমূল পর্যায় পর্যন্ত সচেতনতা ছড়িয়ে দেওয়া জরুরি। প্রতিটি মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং কোনো অসচ্ছল মানুষ যেন বিচার পাওয়া থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান তিনি।
সভায় বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা উপজেলা প্রতিনিধি হুমায়ুন ফরিদী, ভোরের কাগজ প্রতিনিধি রিয়াজ রহমান, দৈনিক ঢাকা প্রতিনিধি মুকিম উদ্দিন, আমার সকাল ২৪.কম এর নিজস্ব প্রতিবেদক শাহ ফুজায়েল, ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আল আমিন প্রমুখ।