1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র-ইরান আবার মুখোমুখি, হামলা-পাল্টা হামলা

  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হরমুজ প্রণালির কাছে গুলিতে একটি মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই হামলার ফলে তেহরানের সঙ্গে সামরিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করার মধ্যেই এ ঘটনা ঘটেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে অনলাইন এনডিটিভি বলছে, হরমুজ প্রণালির আশপাশে থাকা ইরানের কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর জবাবে তেহরান ঘোষণা করেছে, কোনো ‘হামলা বা হুমকি’ তারা জবাব ছাড়া ছেড়ে দেবে না।

ওদিকে, আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাস্ক ও বন্দর আব্বাস এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই হামলার পরিধি সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, কেশম দ্বীপেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর ফলে অঞ্চলটিতে ধারাবাহিক বিস্ফোরণের নতুন অধ্যায় যুক্ত হলো।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, এর আগে দক্ষিণ ইরানের সিরিকসহ আরও কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে তিন দফা হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনাগুলো। তবে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, সিরিকের বেমানি জেলায় দুটি পানির ট্যাংকও হামলায় ধ্বংস হয়ে গেছে।

অন্যদিকে, কুয়েতে অবস্থিত আলি আল সালেম ঘাঁটিও ইরানি ড্রোন হামলার শিকার হয়েছে। নতুন এই হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র তেহরানের দৃঢ় সংকল্পকে পরীক্ষা করার পথ বেছে নিয়েছে এবং ইরানের সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছেড়ে দেবে না। তিনি আরও বলেন, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরের ওপর ড্রোন হামলা চালিয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সংঘর্ষ চলমান রয়েছে। মার্কিন সামরিক আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হবে। আইআরজিসি আরও নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক ও কেশম দ্বীপের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এতে একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সিরিকের বেমানি জেলার দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে।

ইরানের খাতাম আল-আনবিয়া সংস্থাও জানিয়েছে, ইরানের সেনাবাহিনী ও আইআরজিসির যৌথ অভিযানে অঞ্চলে অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটিতে শক্তিশালী হামলা চালানো হয়েছে। পরে ইরান জানায়, তারা জর্ডানে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে। সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিলেন। তবে এ বিষয়ে এ পর্যন্ত জর্ডান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যায়নি। আইআরজিসি ঘোষণা করেছে, তাদের মহাকাশ বাহিনী জর্ডানের ওই ঘাঁটিতে দীর্ঘপাল্লার কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিবৃতি অনুযায়ী, আইআরজিসি দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ঘাঁটির চারটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। এর মধ্যে ছিল এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং প্রধান কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র। অন্যদিকে বাহরাইন হামলার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন সেনারা ইরানের বিরুদ্ধে আত্মরক্ষামূলক হামলা সম্পন্ন করেছে। আগের দিন একটি মার্কিন আর্মি অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিত হওয়ার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়। এর আগে অ্যাক্সিওস জানিয়েছিল, মার্কিন অ্যাপাচে গানশিপ ভূপাতিত হওয়ার ঘটনায় পরিচালিত তদন্তে দেখা গেছে যে, একটি ইরানি ড্রোন হেলিকপ্টারটিতে আঘাত হেনেছিল। ফলে সেটি হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হয়। তবে ঘটনাটি ইচ্ছাকৃত ছিল কি না, তা তদন্তে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া সংক্ষিপ্ত বার্তায় সেন্টকম এই হামলাকে মার্কিন বাহিনী এবং আঞ্চলিক জলপথ দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর ওপর সাম্প্রতিক হামলার আনুপাতিক জবাব বলে উল্লেখ করেছে।

সেন্টকম জানায়, মার্কিন বিমানবাহিনী ও নৌবাহিনীর যুদ্ধবিমানের নির্ভুল অস্ত্র ব্যবহার করে হরমুজ প্রণালির কাছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। তারা আরও বলেছে, অযৌক্তিক ইরানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে মার্কিন বাহিনী সতর্ক ও প্রস্তুত অবস্থায় রয়েছে।

সৌজন্যে মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com