জগন্নাথপুর২৪ ডেস্ক::
আশুলিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে রুপবান বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
শনিবার (৬ জুন) আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী ওই নারী মারা যায়। নিহত রূপবান বেগম আশুলিয়ার তাজপুর এলাকার জয়নাল সরকারের স্ত্রী এবং অভিযুক্ত আলিয়া সরকার ওই এলাকার মৃত সুলতান সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রুপবান বেগমের একটি ছাগল আলিয়া সরকারের উঠানে গিয়ে ঘাস খেলে ছাগলটিকে কুপিয়ে হত্যা করেন তিনি। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আলিয়া সরকার দা দিয়ে রুপবানের পায়ে কোপ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ভিকটিম মারা যাওয়ার আগেই ভুক্তভোগীর স্বামী আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। এরপর আলীয়ার সরকারকে প্রধান করে ছয় জনের বিরুদ্ধে একটি হত্যার চেষ্টা মামলা রুজু করা হয়। ওই দিনই জানতে পারি ভিকটিম মারা গিয়েছে। তদন্ত সাপেক্ষে আজকে মামলাটি হত্যা মামলায় রুজু করা হবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত ৬ আসামি পলাতক রয়েছে। আমাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। সূত্র-এশিয়া পোষ্ট.কম