স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির সামনে নৌকা রাখাকে কেন্দ্রে করে দুপক্ষের সংর্ঘষে আহত হয়েছেন ১০ জন। এরমধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগদীশপুর গ্রামের তোতা মিয়ার সঙ্গে একই গ্রামের সাধন মিয়ার জায়গাজমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার সকালে বাড়ির সামনে নৌকা রাখায় তোতা মিয়াকে সাধন মিয়ার খালা সারজন বেগম নৌকাটি সড়ানোর জন্য গালাগালি করলে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশী অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়েন। এতে অন্ততপক্ষে ১০ জন আহত হন। এরমধ্যে তোতা মিয়া (৫৫), ধন মিয়া (৫০) ও চাঁন মিয়াকে (৪৮) গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৃজনা সরকার তমা বলেন, সংর্ঘষে আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বাড়ি সামনে নৌকা রাখা নিয়ে মহিলাদের কথা কাটাকাটির সূত্র থেকে মারামারির ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন। ##