1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

দান যেভাবে জীবনে প্রশস্ততা বয়ে আনে

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৪ Time View
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মহানবী (সা.)-কে বলতে শুনেছি যে, কৃপণ ও দানবীরের দৃষ্টান্ত হলো ওই দুই ব্যক্তির মতো, যাদের পরনে দুটি লোহার ঢাল বা বর্ম আছে। যা শুধুমাত্র তাদের বুক থেকে গলা পর্যন্ত বিস্তৃত থাকে।

তারপর দানবীর ব্যাক্তি যখন দান করে, তখনই সেই বর্ম তার পুরো শরীরে বিস্তৃত হয়। সেটা তার আঙুলগুলোকেও ঢেকে রাখে এবং তার গুনাহ ও ত্রুটিগুলো মাফ করে দেওয়া হয়। অপরদিকে কৃপণ যখনই কিছু দান করার ইচ্ছা করে, তখনই বর্মের প্রতিটি আংটা এসে জায়গামত আটকে যায়। ফলে সে (তার দানের হাত) প্রসারিত করতে চাইলে, তা সংকুচিত হয়ে যায়।
(অবশেষে সে আর দান করতে পারে না।) (সহিহ বুখারি, হাদিস নং : ১৪৪৩, সহিহ মুসলিম, ২৩৬৯, মুসনাদে আহমাদ, হাদিস নং : ৭৮৮৩) 

শিক্ষা ও বিধান

১. দান মানুষের হৃদয়কে প্রশস্ত করে। তাই দানশীল ব্যক্তি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, তখন তার অন্তর উদার হয়, মন প্রশান্ত হয় এবং নেক কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়।

২. দান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম।

হাদিসে বর্ম মানুষের শরীর ঢেকে ফেলার মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে, দান মানুষের ত্রুটি ও গুনাহ ঢেকে দেয়। ফলে আল্লাহ তাআলা দানকারীর ভুল-ত্রুটি ক্ষমা করে দেন। 

৩. কৃপণতা মানুষের হৃদয়কে সংকুচিত করে। ফলে কৃপণ ব্যক্তি দান করতে চাইলেও তার মন বাধা দেয়। সে সম্পদ কমে যাওয়ার ভয়ে দান থেকে পিছিয়ে যায়।

ফলে তার অন্তর আরও কঠিন ও সংকীর্ণ হয়ে পড়ে। 

৪. দানশীল ব্যক্তি একবার দান করলে পরবর্তীতে আরও দান করতে উৎসাহিত হয়। আল্লাহ তার জন্য কল্যাণের দরজাগুলো খুলে দেন।

৫.  সম্পদের প্রকৃত বরকত দানের মাধ্যমে আসে। তাই যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ তার সম্পদে বরকত দান করেন এবং তাকে আরও কল্যাণ দান করেন।

৬. শয়তান মানুষকে দান থেকে বিরত রাখতে চায়। ফলে দান করতে গেলে নানা অজুহাত, ভবিষ্যতের দারিদ্র্যের ভয় এবং সম্পদ কমে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। এগুলো শয়তানের কুমন্ত্রণা।

৭. উদারতা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। তাই একজন সত্যিকার মুমিন মানুষের উপকার করতে ভালোবাসে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সম্পদ ব্যয় করতে কুণ্ঠাবোধ করে না।

৮. দান আত্মশুদ্ধির মাধ্যম। কেননা দান মানুষের লোভ, স্বার্থপরতা ও সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তি দূর করে এবং তাকওয়া বৃদ্ধি করে।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসের ওপর যথাযথভাবে আমল করার করার তাওফিক দান করুক। আমিন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com