1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
চোর সন্দেহে যুবককে না পেয়ে বাবা-মাকে মারধরের অভিযোগ, অপমানে মায়ের মৃত্যু পিয়ার আলী জামায়াত ইসলামির কেউ না জগন্নাথপুরে লতিফিয়া সমাজ কল্যাণ যুব সংঘের ঈদ পুনর্মিলনী ও প্রবাসী সদস্যকে সংবর্ধনা মুক্তিযুদ্ধ ও জগন্নাথপুর স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দৌলতদিয়ায় বাসডুবি: নিহতের সংখ্যা বেড়ে ২৩ স্বাধীনতা ও জাতীয় দিবস আজ জগন্নাথপুরে কৃষকের গাভী-বাছুর চুরির পর জবাই করে মাংস কেঁটে নিয়ে গেল চোরেরা দৌলতদিয়ায় ৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের লাশ উদ্ধার পৌরসভা ও উপজেলা প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই সরকারের : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধ ও জগন্নাথপুর

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মুক্তিযুদ্ধ ও জগন্নাথপুর

কবি শামসুর রাহমানের ভাষায় – “স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়েসী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।” আজ ২৬শে মার্চ। আজ বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ প্রত্যুষে ঢাকাসহ সারা দেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ‘৫২-এর ভাষা আন্দোলন, ‘৫৪-এর সাধারণ নির্বাচন,৫৬-এর শাসনতন্ত্র আন্দোলন, ‘৬২-এর শিক্ষা আন্দোলন, ‘৬৬-এর ঐতিহাসিক ছয় দফা আন্দোলন, ‘৬৯-এর গণঅভ্যুত্থান- এরকম অগণিত আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে বাঙালি জাতি যে প্রত্যাশাকে লালন করে অগ্রসর হয়েছিল, তারপর একাত্তরের রক্তাক্ত মার্চের অসহযোগ আন্দোলন পেরিয়ে ২৬শে মার্চে সেই প্রত্যাশা, সেই স্বপ্ন পরিণত হয়েছিল মহান স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষায়। ২৫শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের পুলিশ ও সামরিক বাহিনী সাধারণ জনগণের ওপর ‘অপারেশন সার্চলাইট’ নামে একটি পরিকল্পিত বর্বরোচিত গণহত্যা এবং সামরিক অভিযান শুরু করে পশ্চিম পাকিস্তান সেনাবাহিনী। ২৬শে মার্চ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশ। বাঙ্গালী জনতা ভারতের সহযোগিতায় মুক্তিবাহিনী গঠন করে তাদের প্রতিরোধ করতে শুরু করে। পরবর্তীতে ভারত এই যুদ্ধে অংশ নিলে দুই বাহিনী মিলে যৌথ বাহিনী গঠিত হয়। সেই মুক্তিযুদ্ধে দখলদার পাকিস্তানি বাহিনী প্রায় ৯৩ হাজার সৈন্য বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতের সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোন যুদ্ধে এতো বড় বাহিনী আত্মসমর্পণ করেনি।নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জিত হয়। তাই গর্বের সাথে আমরা বলি, বাংলাদেশ—একটি নাম, একটি সংগ্রাম, একটি আত্মত্যাগের ইতিহাস। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ আজ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
মুক্তিযুদ্ধে জগন্নাথপুর: বাংলাদেশের মানচিত্রের দিকে থাকালে দেখা যায় যে, জগন্নাথপুর বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার একটি উপজেলা। এটি সুনামগঞ্জ জেলার দক্ষিণ-পূর্বাংশে এবং সিলেট বিভাগের মধ্যবর্তী স্থানে অবস্থিত। ভৌগোলিকভাবে এর উত্তরে শান্তিগঞ্জ ও ছাতক, পূর্বে বিশ্বনাথ ও ওসমানীনগর (সিলেট জেলা), পশ্চিমে দিরাই এবং দক্ষিণে নবীগঞ্জ (হবিগঞ্জ জেলা) অবস্থিত। এটি প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবেও পরিচিত। ব্রিটিশবিরোধী আন্দোলন,ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন-সংগ্রামে এই অঞ্চলের অংশগ্রহণ ছিল অপ্রতিরোধ্য এবং অগ্রগামী। ১৯৭১ সালে ২৫শে মার্চের পরে মুক্তিযুদ্ধের একটি প্রস্তুতি কমিটি গঠন করে, উপজেলার আলখানাপাড় এবং মমিনপুর হাওর এলাকায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলাকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়েছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অনুযায়ী, জগন্নাথপুর উপজেলা থেকে স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হিসেবে ১৫৪জনের তালিকাভুক্তি পাওয়া গিয়েছে। মুক্তিযুদ্ধে এই উপজেলার গৌরবোজ্জল ভূমিকা রেখেছেন; সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদ, সাবেক এম.পি এডভোকেট রইছ উদ্দিন, ব্যারিষ্টার মির্জা আব্দুল মতিন, মির্জা আব্দুস ছাত্তার, আবদূর রউফ কামালী, সুবেদার আবুল বশর চৌধুরী, হারুনুর রশীদ হিরণ মিয়া, নুরুল ইসলাম, রসরাজ বৈদ্য, ইন্তাজ আলী, সৈয়দ আতাউর রহমান, আব্দুল কাদির শিকদার, সাজ্জাদ হোসেন, আব্দুল কাইয়ুম, আব্দুল হক, রঞ্জিত কান্তি দাস, আশরাফ আলী, জয়নাল আবেদীন, ধীরেন্দ্র কুমার দাস, গৌছ আলী, সায়দুর রহমান, আব্দুর রাজ্জাক মাস্টার, চিত্তরঞ্জন দাস, সৈলেন্দ্র নম সূদ্র, ইলিয়াছ আলী, গোবিন্দ কুমার দাস, ক্বারী নাছির উদ্দিন, আব্দুল মতিন, আব্দুল্লাহ খান, ননী গোপাল, চেরাগ আলী, নিশিকান্ত গোপ, গৌরাঙ্গ গোপ, আব্দুল হাফিজ, মানিক পাল, আলমাছ উল্লাহ, রনিন্দ্র, গোলাম মোস্তফা, ধীরেন্দ্র কুমার দে, বকুল ভট্টাচার্য সহ আরও অনেকেই।
ইতিহাসের পাতা থেকে জানা যায় যে, ১৯৭১ সালে জগন্নাথপুর উপজেলার দু’টি স্থানে গণহত্যা সংগঠিত হয়েছিল। সেগুলো হচ্ছে – শ্রীরামসি গণহত্যা এবং রানীগঞ্জ গণহত্যা। শ্রীরামসি গণহত্যা: সুনামগঞ্জ জেলার জগ্ননাথপুর উপজেলার পূর্ব প্রান্তে অবস্থিত শ্রীরামসি গ্রাম। এর মধ্যস্থলে বাজার, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, ডাক ঘর, তহসিল অফিস, মাদ্রাসা প্রভৃতি বিদ্যমান থাকায় বহুসংখ্যক সরকারি-বেসরকারি কর্মচারী শিক্ষক ব্যবসায়ীর বসবাস এইগ্রামে। ৩১ আগস্ট ১৯৭১ সালে জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামে শান্তিসভার নামে রাজাকাররা শ্রীরামসী হাইস্কুলে স্থানীয় শিক্ষক, কর্মচারী, ইউপি সদস্যসহ গণ্যমান্য ও সাধারণ লোকজনের একটি সমাবেশের আয়োজন করে। রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানের হানাদার বাহিনী উক্ত সভার ১২৬জন লোককে হত্যা করে এবং গ্রামটি জ্বালিয়ে দেয়। যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে ; ছাদ উদ্দিন আহমদ ( ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শ্রীরামসি উচ্চ বিদ্যালয় ), মাওলানা আবদুল হাই (হেড মৌলবী , শ্রীরামসি উচ্চ বিদ্যালয় ), এহিয়া চৌধুরী ( তহসিলদার ), সত্যেন্দ্র নারায়ন চক্রবর্তী ( তহসিলদার ), সৈয়দ আশরাফ হোসেন ( পোষ্ট মাস্টার ), শফিকুর রহমান, ফিরোজ মিয়া, সুনু মিয়া, আলা মিয়া, সমুজ মিয়া, নজীর মিয়া, আবদুল মান্নান ( হবিব পুর ), ওয়ারিছ মিয়া, মানিক মিয়া, আবদুল জলিল ( সাত হাল ), ছবির মিয়া, মরম উল্লা, মমতাজ উল্লা, ছওয়াব উল্লা, রইছ উল্লা, আবদুল মজিদ, আবদুল লতিফ ( সাত হাল ), এখলাছ মিয়া, মোক্তার মিয়া, আবদুল বারি ( ইউপি সদস্য ), উছমত উল্লা, তৈয়ব উল্লা, বাক্কু মিয়া, মছদ্দর আলী, তফাজ্জল আলী, আছাব মিয়া, ছমির আলী, রওয়াব আলী, জহুর আলী, আবদুল হান্নান প্রমুখ। শহীদদের স্মৃতির উদ্দ্যেশে ১৯৮৬ সালে নির্মিত হয়েছে শ্রীরামসি গ্রামের ভিতর শ্রীরামসি স্মৃতিসৌধ/ স্মৃতিফলক। ১৯৮৭ সালে শ্রীরামসি গ্রামবাসী ‘শহীদ স্মৃতি সংসদ’ নামে একটি সংগঠন গঠন করে ৩১ আগষ্ট শ্রীরামসি গণহত্যার দিবসকে আঞ্চলিক শোক দিবস হিসেবে পালন করতে শুরু করেন। এখন পর্যন্ত শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে আঞ্চলিক শোক দিবস ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছে। রানীগঞ্জ গণহত্যা: রাণীগঞ্জ জগন্নাথপুর উপজেলার একটি ইউনিয়ন। কুশিয়ারা নদীর তীরে অবস্তিত এই বাজারটি অত্র একালার একটি বাণিজ্যিক কেন্দ্র। শ্রীরামসির ভয়াবহ হত্যাকাণ্ডের পরদিন অর্থাৎ ১৯৭১ সালের ১ সেপ্টেম্বর সকাল এগারোটায় সময় পাক হানাদার বাহিনীর আগমন ঘটে রানীগঞ্জ বাজারে। রানীগঞ্জ বাজারে নেমেই তারা সমস্ত বাজারটি ঘেরাও করে ফেলে। বাজার থেকে দুইশ’র বেশি লোককে ধরে বাজারের একটি স্থানে এক লাইনে দাড় করায় তারা। সারিবদ্ধ লোকজনকে ইতিমধ্যে রশি দিয়ে বেঁধে ফেলেছে তারা। রানীগঞ্জ বাজারে আনুমানিক ৩০জন লোককে হত্যা করে এবং ১৫০টি দোকান জ্বালিয়ে দেয়। তাদের মধ্যে যাদের নাম উদ্ধার করা সম্ভব হয়েছে তারা হলেন- আনোয়ার হোসেন ও আকিল হোসেন (এরা ছিলেন সহোদর, বাড়ি গন্ধর্ব পুর), আলী পুরের মন্তাজ আলি, আকল মিয়া, ধন মিয়া (১), ধন মিয়া (২), নুর মিয়া(১), নুর মিয়া(২), বাসখয়নার মজমিল আলী, তছই মিয়া, সোনাহর মিয়া, মদরিছ উল্লা, আলতা মিয়া, আলফু মিয়া, আঃ হেকিম, ফজিল মিয়া, মিছির আলি, ইছুব আলী, জফর আলী, হাজি মোঃ মমিন, বোরহান উদ্দিন, আঃ আজিজ, গৌছল মিয়া, সিরাজুল ইসলাম, মাসুক মিয়া, মছব্বির মিয়া, মজিদ মিয়া, আঃ আজিজ, ছয়েফ উল্লা, হোসিয়ার আলি, মকবুল হোসেন, জলিল মিয়া, আব্বাস উল্লা, তাজু মিয়া প্রমুখ। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে রানীগঞ্জ স্মৃতিফলক নির্মিত হয়েছে। তবে স্বাধীনতার ৫৬ বছরেও রানীগঞ্জের শহীদদের স্মরণে কোনো স্মৃতি পরিষদ গঠন করা হয়নি। শহীদ গাজী ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন ২০০৩ সাল থেকে প্রতিবছর ১ সেপ্টেম্বর রানীগঞ্জ গণহত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছে। সুনামগঞ্জ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয় মোহাম্মদ কয়ছর আহমেদ গত ২৫ আগস্ট ২০২৫ সালে মীরপুর ইউনিয়নে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেছিলেন- “জগন্নাথপুরের উন্নয়ন শহীদদের গ্রাম শ্রীরাসমী দিয়েই শুরু হবে।” [ দৈনিক সকালের সময়,ভোরের আলো] কিছু বিষয়ে এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি – ১। আশা করি জগন্নাথপুরের উন্নয়নের পাশাপাশি রানীগঞ্জের শহীদদের স্মরণে কোনো স্মৃতি পরিষদ গঠনের উদ্যোগ নিবেন। ২। এছাড়া গত ১৫মার্চ ২০২৬ তারিখে সকল জাতীয় পত্রিকাসহ স্থানীয় পত্রিকায় সংবাদ এসেছে ‘যুদ্ধাহত মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর-লুটপাট, নিরাপত্তাহীনতায় পরিবার’ [দৈনিক কালের কণ্ঠ ] বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ রইলো আর ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহবান রইলো। ৩। বিভিন্ন জাতীয়/গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিত রেখে তাদের স্মৃতিচারণ শোনার পাশাপাশি তরুণ প্রজন্মের মাঝে তাদের বার্তা পৌঁছে দেওয়া ব্যবস্থা করার আহবান রইলো। ৪। মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে জগন্নাথপুরে পাবলিক পাঠাগার নির্মাণ করে সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতি কর্ণারের ব্যবস্থা করা, যাতে সবাই জগন্নাথপুরসহ সারাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং ঐতিহ্য জানতে পারেন। সবাই যথেষ্ট সচেতন ও সংঘবদ্ধ না হলে স্বাধীনতাকে রক্ষা করা যাবে না। স্বাধীনতা রক্ষার জন্য স্বাধীনতাকে মর্যাদা দিতে হয় এবং সদা সতর্ক থাকতে হয়। তাই স্বাধীনতার মর্ম উপলব্ধি করে একে রক্ষা করা আমাদের জাতীয় কর্তব্য মনে করা উচিত। স্বাধীনতা-সার্বভৌমত্ব সংরক্ষণের চেতনা সবাইকে অনুপ্রাণিত করুক- এটি মহান স্বাধীনতা দিবসে সবার কাছে প্রত্যাশা। [তথ্যসূত্র: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট, সিলেটে গণহত্যা, তাজুল মোহাম্মদ।বধ্যভূমির গদ্য, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খন্ড,সুনামগঞ্জ জেলা পরিচিত এবং অনলাইনের বিভিন্ন সোর্স।]
[লেখক: এনাম উদ্দিন, সাবেক শিক্ষার্থী, শাবিপ্রবি]

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com