1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন

মন্ত্রী হলেন সিলেটের আরিফ ও মুক্তাদির

  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ঐক্যজোট মনোনীত সিলেট বিভাগের ১৯টি আসনে দুজন বাদে সবাই ছিলেন নতুন মুখ। ঐক্যজোটের প্রার্থী বাদে জিতেনছেন ১৮ জন। এরমধ্যে প্রথম নির্বাচন করেন ১৬ জন। বিএনপির সরকারে এদের মধ্যে দুজন মন্ত্রী হয়েছেন। প্রথমবার এমপি হয়েই মন্ত্রী ভাগ্যবান সংসদ সদস্য হচ্ছেন, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সিলেটে সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্যের শপথ গ্রহণ শেষে তারা মন্ত্রীর শপথ গ্রহণের ডাক পড়ে। বিকেলে তারা শপথ নেন। আরিফুল হক চৌধুরী পেয়েছেন দুটো মন্ত্রণালয়। প্রথমটি হচ্ছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়। খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী সিলেট জেলায় বিএনপি সরকারে এবারই প্রথম হওয়ায় সিলেটজুড়ে বিএনপি নেতাকর্মীসহ নবনিযুক্ত মন্ত্রীর নির্বাচনি এলাকায় আনন্দ ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে ভোটের রাজনীতে সেই ১৯৭৩ সাল থেকে প্রচলিত, ‘সিলেট-১ আসন যার, সরকার তার’ মিথ সত্যি হলো।

২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার আমলে সিলেট থেকে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মরহুম এম সাইফুর রহমান। প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন দুজন। এরা হচ্ছেন, প্রয়াত এবাদুর রহমান ও ফজলুল হক আসপিয়া।

ওয়ার্ড কাউন্সিলর থেকে মন্ত্রী আরিফ
আরিফুল হক চৌধুরী জনপ্রিয় রাজনীতিবিদের তালিকায় আছেন প্রায় দুই যুগ ধরে। একই আদর্শের রাজনীতিতে অবিচল থেকে ভোটের মাঠে তার নির্ভয় বিচরণ আর দল-মত নির্বিশেষে নির্মোহ জনসেবায় নিয়োজিত থেকে তিনি রীতিমতো ম্যাজিকম্যান হিসেবে প্রমাণ করেছেন সর্বমহলে। তার ম্যাজিকে মাত্র দেড় মাসে তিনি শহর থেকে গিয়ে গ্রামের মানুষের হৃদয় জয় করেছেন। ১ লাখ ১৫ হাজার ৪৫৫ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর) আসনে বিএনপির বিজয় নিশ্চিত করেন আরিফুল হক চৌধুরী। নগর ভবন থেকে এখন তার যাত্রা সংসদ ভবনে।

অথচ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন বিএনপি প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়, তখনও কেউ ভাবেনি আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসনে নির্বাচন করবেন। কারণ, সিলেট মহানগরী অন্তর্ভুক্ত সিলেট-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু গত বছর ৩ নভেম্বর যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৩৭ আসনের বিপরীতে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি সেখানে ছিল না তার নাম।

মনোনয়ন না পেয়ে আরিফুলসহ তার অনুসারী নেতা-কর্মী-সমর্থকরা যখন আশাহত হন, তখন ৪ নভেম্বর দলের উচ্চপর্যায় থেকে তাকে ঢাকায় জরুরি তলব করা হয়। পরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে দেখা করার ডাক পান। চেয়ারপারসনের সঙ্গে দেখা করার সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও আরিফুল হকের ভিডিও কলে কথা হয়। এ সময় চেয়ারপারসন আরিফুলকে সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশ দেন খালেদা জিয়া।

এরপর গত ৬ নভেম্বর ঢাকা থেকে ফিরে সিলেট-৪ আসনে তার প্রার্থিতা ঘোষণা করেন তিনি। ৭ নভেম্বর থেকেই তিনি সিলেট-৪ আসনের অন্তর্ভুক্ত কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর উপজেলায় প্রচার কাজ শুরু করেন। কিন্তু তখনও প্রার্থিতা নিয়ে ধোঁয়াশা কাটেনি। কারণ দলীয়ভাবে এই সিদ্ধান্ত জানানো হয়নি। তাই তিনি যখন সিলেট-৪ আসনে প্রচার শুরু করেন তখন বিএনপির অনেক নেতা তার এই দাবি বিশ্বাস করেননি। তারা মনে করেন মনগড়া কথা বলে এই আসনে প্রচার চালাচ্ছেন আরিফ। তার এই মনগড়া সিদ্ধান্তের জন্য দল থেকে বহিষ্কার করা হবে বলেও মনে করেন অনেক স্থানীয় বিএনপি নেতা। তবে গত ৪ ডিসেম্বর বিএনপির দ্বিতীয় দফায় ঘোষিত প্রার্থীর তালিকায় যখন সিলেট-৪ আসনে আরিফুল হকের নাম আসে তখন সবার ধোঁয়াশা কাটে।

তবে আরিফুল হকের ভোটের মাঠে অজেয় উত্থান ২০১৩ সালে। সে বছর কারাগারে থেকেই প্রথমবারের মতো সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী। পরবর্তীতে আওয়ামী শাসনামলে ২০১৮ সালেও টানা দ্বিতীয়বারের মতো তিনি সিটি মেয়র নির্বাচিত হন। তবে জনপ্রতিনিধি হিসেবে তার যাত্রা শুরু হয় ২০০৩ সালে। সেবছর তিনি সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে কমিশনার (বর্তমান কাউন্সিলর) হিসেবে নির্বাচিত হন। তখন সিটি মেয়র হিসেবে বদর উদ্দিন আহমেদ কামরান নির্বাচিত হলেও নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আরিফুল হক। রাজনীতির বাইরে সবার নজর ছিল তার ওপর। নগর ভবন থেকে সংসদ ভবনযাত্রায় চূড়ান্ত ম্যাজিক দেখা যায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। মাত্র দেড়মাসে সিলেটের তিনটি উপজেলার বাসিন্দাদের মন জয় করে ছিনিয়ে আনেন ভূমিধস জয়। ১২ ফেব্রুয়ারি লক্ষাধিক ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী।

সিলেট-৪ নির্বাচনি এলাকা একটি সীমান্ত প্রান্তিক অঞ্চল। ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়-পাদদেশ, এপারে মাটির নিচে খনিজসম্পদ ভরপুর। পাশাপাশি প্রাকৃতিক পর্যটনকেন্দ্রের জন্য দেশে ও বিদেশে বিশেষভাবে পরিচিত সিলেট-৪ আসনের তিনটি উপজেলা। গোয়াইনঘাট উপজেলায় পড়েছে জাফলং, তামাবিল, বিছনাকান্দি, জলাবন রাতারগুল, কোম্পানীগঞ্জে সাদাপাথর, উৎমাছড়া, ভোলাগঞ্জ রোপওয়ে এবং জৈন্তাপুরে পড়েছে বাংলাদেশের প্রথম গ্যাসফিল্ড, লাল শাপলা বিল, নীল নদখ্যাত সারী-লালাখাল, সিনেমার শ্যুটিং এরিয়া শ্রীপুর ও রাংপানি। প্রাকৃতিক পর্যটনের চেয়ে প্রাকৃতিক খনিজসম্পদ সমৃদ্ধির বালু ও পাথরমহাল পুরো এলাকাকে সম্পদশালী করেছে।

আরিফুল হক চৌধুরীর নির্বাচনি প্রচারণা পর্যবেক্ষণে দেখা গেছে, ভোটের মাঠে নেমেই তিনি ‘প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার’ স্লোগানটি তুলে ধরেন। গ্রামীণ যোগাযোগ বিড়ম্বনার বিষয়টি সরাসরি নির্বাচন কমিশনে উপস্থাপন করেন। এরপর উন্নয়ন পরিকল্পনা তার অভিজ্ঞতার আলোকে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রকাশ করেন। উন্নয়ন পরিকল্পনায় তিনি সিলেট অঞ্চলে উন্নয়নের রূপকারখ্যাত রাজনীতিবিদ ও বিগত চারদলীয় জোট সরকার আমলে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের প্ল্যান তুলে ধরেন। পাশাপাশি তিনি স্মরণের মধ্যে রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রয়াত দিলদার হোসেন সেলিমকেও। পূর্বসূরিদের স্মরণ বিষয়টি সাধারণ মানুষজনকে আকৃষ্ট করে।

আরিফুল হক চৌধুরী তার নিরবচ্ছিন্ন প্রচারণার সর্বশেষ সমাবেশে সিলেট-৪ নির্বাচনি এলাকাকে ভবিষ্যতে ‘সিলেট উত্তর সিটি’ হিসেবে গড়ার প্রতিশ্রুতি দেন। নির্বাচনি প্রচারণায় সক্রিয় থাকা উপজেলা ও ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা বলেছেন, আরিফুল হক অল্প দিনে ভোটের মাঠ চষে বেড়ানো ও উন্নয়ন প্রতিশ্রুতিতে পূর্বসূরিদের স্মরণ করার বিষয়টি জনগণের মনজয় হয়। এ জন্য বড় ব্যবধানে বিজয়। প্রথমবার এমপি হওয়ার পর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সিলেট অঞ্চলের সীমান্ত প্রান্তিক নির্বাচনি এলাকায় আনন্দের বন্যা বইছে। দল ছাপিয়ে সাধারণ মানুষজন আরিফুল হক বন্দনায় মেতেছেন। তাদের আশা, প্রথম দফায় এমপি মন্ত্রী হওয়ায় এলাকার উন্নয়ন বঞ্চনা এবার চিরতরে ঘোচবে।

বাবার পথে সফল মুক্তাদির
প্রথমবার ২২ বছর পর বাবা সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল মালিকের আসনে দলীয় প্রার্থী হওয়ার সুযোগ মিলেছিল খন্দকার আব্দুল মুক্তাদিরের। এ সুযোগে প্রথম দফা বিফল হলেও হাল ছাড়েননি। দ্বিতীয় দফা লড়ে বিজয়ী হন। বাবার আসনে আসীন হওয়া নবনির্বাচিত সংসদ সদস্য হচ্ছেন মর্যাদার আসনখ্যাত সিলেট-১ নির্বাচনি এলাকার বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। এ আসনে তার প্রয়াত বাবা খন্দকার আব্দুল মালিক তিন বার সংসদ নির্বাচন করে প্রতিবার বিজয়ী হয়েছিলেন। দ্বিতীয় দফা লড়ে বিজয়ী হওয়ায় বাবার আসন পুনরুদ্ধার হয়েছে ২৯ বছর পর।

খন্দকার মুক্তাদিরের বাবা খন্দকার মালিকের শুরুটা হয়েছিল ১৯৭৯ সালে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তখন নতুন রাজনৈতিক দল। বর্তমান সিলেট-১ (মহানগর-সদর) নির্বাচনি আসনটি তখন সিলেট-৮ আসন। এ আসনটিতে বিএনপির মনোনয়ন পান খন্দকার আব্দুল মালিক। তিনি রাজনীতিবিদ ছিলেন না। ব্যবসায়ী ও সজ্জন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে খন্দকার আব্দুল মালিক ১৯৭৯ সালে সিলেট-৮ (বর্তমানে সিলেট-১) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

পরবর্তীতে ১৯৯১ সালের নির্বাচনেও তিনি বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ সংসদ নির্বাচনেও তিনি বিজয়ী হয়েছিলেন। চতুর্থ দফা আর নির্বাচন করেননি খন্দকার মালিক। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে এম সাইফুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর ২০০১ ও ২০০৮ সালে দুটো নির্বাচন শেষে এম সাইফুর রহমানের মৃত্যুর পর বাবার আসনটি পুনরুদ্ধারে তৎপর হন খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রথম দফা তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে লড়েন। এরপর দ্বিতীয় দফা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয় পান। পুনরুদ্ধার হয় বাবার আসনটি। খন্দকার মুক্তাদির ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট।

‘সিলেট-১ যার, সরকার তার’
সিলেট-১ আসন ঘিরে একটি মিথ প্রচলিত। হযরত শাহজালাল (রহ.)সহ ৩৬০ আউলিয়ার অধিকাংশের মাজার এ আসনটিতে পড়ায় ভোটের রাজনীতিতে বলা হয়, ‘সিলেট-১ যার, সরকার তার’! ১৯৭৩ সাল থেকে এ মিথ প্রচলিত হলেও তা নিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনার সূত্রপাত হয় ১৯৯১ সালের সংসদ নির্বাচনের পর। ওই বছর সিলেট থেকে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মালিক একমাত্র বিজয়ী হলেও বিএনপিই সরকার গঠন করে। এরপর সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরী, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান, দুই মেয়াদে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নির্বাচন করে বিজয়ী হন। সরকার গঠন করে যথাক্রমে আওয়ামী লীগ ও বিএনপি। ২০১৮ সালে এ আসনে নির্বাচন করে বিজয়ী হন মুহিতের ছোট ভাই ড. এ কে আব্দুল মোমেন। আওয়ামী লীগ তৃতীয় মেয়াদে সরকার গঠন করলে মোমেন পররাষ্ট্রমন্ত্রী হন। সর্বশেষ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেট-১ আসনে একতরফা নির্বাচনে এ কে আব্দুল মোমেন জয়ী হন। তখনো আওয়ামী লীগ সরকার গঠন করে। প্রচলিত এ ‘মিথ’ মাথায় রেখে খন্দকার মুক্তাদির নির্বাচনি প্রচারণা চালিয়েছিলেন।

ভোটের রাজনীতির পর্যবেক্ষণ থেকে জানা গেছে, ভোটের মাঠে বাবা ও ছেলের অবস্থান প্রায় সিঁকি শতাব্দীর। বাবার শুরু হয়েছিল ১৯৭৯ থেকে। শেষ হয়েছে ১৯৯৬ সালে। মাঝখানে তিনটি নির্বাচন-কাল পেরিয়ে ছেলের শুরুটা ছিল ২০১৮ সালে। ভোটের মাঠ তখন প্রতিকূল। মুক্তাদির প্রতিকূল মাঠ টপকে আলোচনায় ছিলেন। তখনকার ক্ষমতাসীন দলের প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রভাবের মধ্যে তিনি ২০১৮ সালের ভোটে প্রতিদ্বন্দ্বিতায় আসেন। কিন্তু রাতের ভোটে তাকে হারতে হয়েছিল। এরপর থেকে তিনি ভোটের মাঠ ছাড়া হননি। বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থেকে প্রার্থিতার প্রচারেও ছিলেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনি শুরুর দিকে নির্ভার থাকলেও শেষের দিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক প্রচারের মধ্যে পড়েন। শেষে বড় ব্যবধানে জিতলেও তার প্রতিদ্বন্দ্বীর লক্ষাধিক ভোট পাওয়ায় অনেককে চিন্তায় ফেলে দিয়েছিল।

মুক্তাদির অবশ্য ভোটের পরপরই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সাক্ষাৎ করে রাজনৈতিক সহনশীলতার বিষয়টি প্রকাশ্যে এনেছেন। ভোটের পরদিন প্রতিদ্বন্দ্বী জামায়াতের হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নেতাকর্মীদের নিয়ে মিষ্টিমুখও করেন। নির্বাচিত হলে তার করণীয় নির্ধারণ ও সিলেটকে উন্নয়নমুখী করার নানা পরিকল্পনার বিষয়টি ভোটের আগে ও পরে তুলে ধরে দৃষ্টি কেড়েছেন সবার। ভোট পরবর্তী প্রতিক্রিয়ায় এক ভিডিও বার্তায় ভোটের মাঠে তাকে ঘিরে বেশ অপপ্রচার হয়েছিল জানিয়ে মুক্তাদির বলেন, ‘অনেক অপপ্রচার হয়েছে। তবে ভোটাররা অপপ্রচারে বিভ্রান্ত হননি। এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিলেটে বিদেশি বিনিয়োগে ব্যবসাপ্রতিষ্ঠানের প্রসার ও শিল্পপ্রতিষ্ঠান স্থাপন জরুরি। বিনিয়োগ সহায়ক পরিবেশ দরকার। পলিটিক্যাল স্ট্যাবিলিটিও দরকার। এসব মৌলিক বিষয় থেকে শুরুই হবে আমার কাজ।’

‘মেড ইন ছাত্রদল’ মেটাফরে শীর্ষে আরিফ
‘মেড ইন ছাত্রদল’, সিলেটে বিএনপির রাজনীতিতে নতুন এক দৃশ্যপটের উদয় হয়েছিল এবার। যারা বিএনপি করছেন, প্রার্থিতার জন্য লড়ছেন, মাঠে তারা যেন ‘মেড ইন ছাত্রদল’ বলে বলীয়ান ছিলেন। ছাত্রদল থেকে বিএনপি করলেও দলটির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বের পরিচিতি তাদের পিছু ছাড়ছিল না। তাতে ‘মেড ইন ছাত্রদল’ হয়ে উঠেছিল বিএনপির এক নতুন রাজনৈতিক মেটাফর। মনোনয়নপ্রত্যাশা থেকে শুরু করে দলীয় মনোনয়ন লাভ, এমপি নির্বাচিত হওয়া এবং সর্বশেষ মন্ত্রী হওয়ার ক্ষেত্রে এই মেটাফর ছিল। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে এই মেটাফর প্রচলিত ছিল সিলেট ও সুনামগঞ্জে। ভোটের পরে দেখা গেছে, এমপি নির্বাচিত হয়েছেন ৭ জন। তাদের মধ্যে এমপি থেকে মন্ত্রী হওয়া আরিফুল হক চৌধুরী অন্যতম।

তার রাজনৈতিক বৃত্তান্তে দেখা গেছে, আরিফুল হক চৌধুরী বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের একজন প্রতিষ্ঠাকালীন সদস্য। ১৯৭৯ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য পদ নিয়ে রাজনীতি শুরু করেন। এরপর ছাত্রদল থেকে বিএনপির নেতৃত্বে আসীন হন। তিনি ছাত্রদলের জেলা সদস্য থেকে কেন্দ্রীয় সদস্য, মহানগর ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে মূলদলে অভিষিক্ত হন। সেখানে তিনি পর্যায়ক্রমে মহানগর বিএনপির সভাপতি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আরিফুল হক চৌধুরী মাঝখানে যুক্তরাষ্ট্র থাকাকালে সেখানে বিএনপির প্রথম কমিটির সাংগঠনিক সম্পাদক পদেও ছিলেন। জাতীয়তাবাদী কৃষক দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদেও ছিলেন। ছাত্রদল থেকে বিএনপির জেলা ও মহানগর ও যুক্তরাষ্ট্রের কমিটির দায়িত্ব পালনের পর স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী কমিটির সিলেট বিভাগের আহবায়ক ছিলেন। আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশনের একটানা দুবার মেয়র নির্বাচিত হয়ে দয়িত্ব পালন করেন।

প্রথমবার ২০১৩ সালে বিএনপি সমর্থিত নাগরিক কমিটির হয়ে এবং দ্বিতীয়বার ২০১৮ সালে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে তৎকালীন ক্ষমতাসীন দলের নৌকার প্রার্থীকে হারিয়ে বাংলাদেশে একমাত্র বিজয়ী হন। ২০২৩ সালে তৃতীয় দফায় দলীয় সিদ্ধান্তে মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ সময় থেকে আরিফুল হক চৌধুরী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদে আসীন হন। বর্তমানে এ পদে আছেন।
সৌজন্যে-খবরের কাগজ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com