1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

সুনামগঞ্জে ‘জ্বিনের বাদশা’ গ্যাংয়ের ১ পলাতক আসামি গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঢাকার উত্তরায় প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শন মামলায় কথিত জ্বিনের বাদশা খ্যাত পলাতক ১ জন আসামিকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব—৯। গ্রেপ্তারকৃত আসামি মো. জামিল হোসেন @ জামিল (৩১), সে ঢাকার উত্তরখাঁন থানার পুলারটেক গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, ভিকটিম মো. আজিজুল আলম ঢাকা জেলার দক্ষিণ বাড্ডা থানা এলাকার বাসিন্দা। তিনি একজন ব্যবসায়ী এবং প্রবাসী। তার বাংলাদেশে এবং দেশের বাইরেও ব্যবসা আছে। ২০২৪ সালে ভিকটিমের বন্ধু মনির ১৫ নম্বর বিবাদী মিজানকে তার কাছে নিয়ে যায়। বিবাদী মিজান ভিকটিমকে জিজ্ঞাসা করেন, তার বিদেশে কোন ব্যাংক একাউন্ট আছে কি—না? পরবর্তীতে ভিকটিম বিদেশে তার ব্যবসায়িক কোম্পানির নামে ব্যাংক একাউন্ট আছে বলে জানান। এরপর ১ নম্বর বিবাদী মাজাহারুল ইসলাম সোহেল ফকির, ২ নম্বর বিবাদী মো. নাজমুল হাসান, ১০ নম্বর বিবাদী মো. আজাদ এবং ১১ নম্বর বিবাদী মো. কামাল ভিকটিমের অফিসে আসে এবং তারা প্রাচীন পিলার বিদেশে বিক্রয় করে ভিকটিমের বিদেশী ব্যাংক একাউন্টের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার আনবে ও অর্ধেক টাকা ভিকটিমকে দেওয়ার প্রলোভন দেখায়।

১ নম্বর বিবাদী সুন্নতি লেবাসধারী হওয়ায় ভিকটিম তাদের কথা বিশ^াস করেন। পরবর্তীতে বিবাদীরা বিভিন্ন সময় ভিকটিমের অফিসে আসে এবং তাকে বিভিন্ন ধরনের খাবার খাইয়ে তাদের অনুগত করে নিয়েছিল এবং বিবাদীরা যা বলতো ভিকটিম তাই করত। একদিন ১ নম্বর বিবাদী ভিকটিমকে বলে, জ্বিন তোমাকে ফোন করবে এবং যা বলবে তা পালন করবে। কিছুদিন পর জ্বিনের বাদশা হযরত তৈয়ব আহম্মেদ চিশতী জ্বিন পরিচয় দিয়ে রাতে ভিকটিমকে ফোন দিয়ে বলে, ‘বাবা তুই তো বড় ভাগ্যবান ব্যক্তি, তুই তো দুনিয়ার বাদশা আখিরাতেরও বাদশা হয়ে গেছিস, তুই একটা মূলবান জিনিস প্রাচীন পিলার ম্যাগনেট পাবি যার মূল্য ১০০ বিলিয়ন ডলার এই কথা কাউকে বলিবে না বলিলে পাবে না’। এছাড়াও জি¦ন ভিকটিমকে দামী গাড়ি, বাড়ি, নারী ও আমেরিকা যাওয়ার প্রলোভন দেখিয়ে বিবাদী সোহেল ও নাজমুলকে তার কাছে পাঠায় এবং তাদেরকে ৫ কোটি টাকা দিতে বলে, টাকা না দিলে তার ক্ষতি হবে বলে জানায়।

 

পরবর্তীতে বিভিন্ন সময় বিবাদী সোহেল, নাজমুল, কামাল, মিজান, রাজু, জামিলসহ আরও ১০/১২ জন ভিকটিমের উত্তরার অফিসে যায় এবং তাকে বিভিন্ন খাবার খাইয়ে শয়তানের নিঃশ্বাস ও কালা জাদুর মাধ্যমে ভিকটিমকে তাদের হেফাজতে নিয়ে প্রতারণার মাধ্যমে তার অফিসের ভোল্টে রক্ষিত ২০০ ভরি স্বর্ণের গহনা এবং নগদ ও বিভিন্ন একাউন্টের মাধ্যমে প্রায় ২০ কোটি টাকাসহ ভিকটিমের উত্তরখান চামুরখান এলাকার ২৭.১৫ কাঠা জমি লিখে নেন। পরবর্তীতে ভিকটিম বুঝতে পারেন, বিবাদীরা বিভিন্ন ধরনের মেডিসিন বা কথিত শয়তানের নিঃস্বাস, জাদু টোনার মাধ্যমে প্রতারণা করে তার টাকা পয়সা, স্বর্ণের গহনা নিয়ে গেছে এবং জমি লিখে নিয়েছে। এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে ডিএমপির উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

 

এই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব—৯, সিপিসি—৩, সুনামগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গত ৪ জুন আনুমানিক সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সুনামগঞ্জ জেলার দিরাই থানার আনোয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ডিএমপি, উত্তরা পূর্ব থানার মামলা নং—১৪, তারিখ—২৪/০৪/২০২৬ খ্রি., ধারা—৪২০/৪০৬/৫০৬ পেনাল কোড ১৮৬০; এর মূলে ঢাকার উত্তরায় প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শন মামলার এজাহারনামীয় ৭ নম্বর পলাতক আসামি মো. জামিল হোসেন @ জামিল কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সিলেট র‌্যাব—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব—৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com