বিশেষ প্রতিনিধি::
উৎসবেই শেষ হয়েছে জগন্নাথপুরের ইউপি নির্বাচন।
দেশের বিভিন্ন স্থানে ইউপি নির্বাচনকে ঘিরে হানাহানি, সংঘাত, সংঘর্ষ, সহিংসতার ঘটনার জেরে ভোটে সংশয় ছিল জগন্নাথপুরেও। তবে জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ভোটের উৎসব শেষ হয়েছে রোববার।
জগন্নাথপুরের নির্বাচনী বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা যায়, পৌষের শীতকে উপেক্ষা করে ভোটের দিন সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা ভোট দিতে আসতে থাকেন। এসময় উৎসবমুখর হয়ে উঠে এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষের ঢল নামে কেন্দ্রগুলোতে। সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ভোট প্রয়োগ করেছেন ভোটাররা। নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝেও ছিল সোহার্দ্যপূর্ণ পরিবেশ।
প্রত্যেক কেন্দ্রে ভোটাররা সারি সারি লাইনে দাড়িয়ে ভোট দিয়েছেন। ভোট কেন্দ্রের ভেতরে বাহিরে মানুষের উপচেপড়া ভিড় ছিল। এসময় উৎসবের রংঙে যেন সবাই রঙিন হয়ে উঠেছেন এমন দৃশ্যের অবতারণ ঘটে। এরকম শান্তির সুবাতাস দেখা গেছে প্রতিটিই কেন্দ্রেই। দেশে চলমান ইউপি নির্বাচনে বিভিন্ন স্থানে সংঘর্ষ আর সহিংসতায় প্রাণহানিসহ রক্তাক্ত হয়েছে কিংবা হচ্ছে জনপদ। উৎসবের বদলে রূপ নিয়েছে বেদনার। যে কারণে উদ্বেগ উৎকণ্ঠা ছিল জগন্নাথপুরেও। তবে সব শঙ্কা আর সংশয়কে কাটিয়ে ভোটের উৎসবেই ভোট শেষ হয়েছে এ উপজেলায়।
স্থানীয় ভোটার শায়েক আহমদ জানালেন, নির্বাচনকে ঘিরে উৎসব আর আনন্দঘর পরিবেশ বিরাজ করছিল। সেই সঙ্গে শঙ্কাও ছিল। তবে আমাদের এলাকায় লোকজন ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্য শান্তিপূর্ণ পরিবেশে ভোট উৎসব উদযাপন করেছেন। তিনি জানালেন, জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনী অনুষ্ঠান ঘিরে উৎসব বিরাজ করে এখানে। আর এই উৎসব প্রাণ হলেন আমাদের প্রবাসীরা। নির্বাচনে অধিকাংশ প্রবাসী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে কয়েক শতাধিক প্রবাসী দেশে ফিরে এ উৎসবে সামিল হয়েছেন। ফলে তাঁদের অংশগ্রহণে ভোটের আনন্দ প্রাণবন্ত হয়ে উঠে।
নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিয়নগুলো হচ্ছে, কলকলিয়া, পাটলী, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া আশারকান্দি ও পাইলগাঁও। এসব ইউনিয়নের মধ্যে প্রতিটি ইউনিয়নে লন্ডনপ্রবাসী প্রার্থীই বেশি। ৩৭ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২১জনই প্রবাসী প্রার্থী ছিলেন। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে অংশ নেওয়া সিংহভাগ প্রার্থীই প্রবাসী পরিবারের কিংবা তাঁদের স্বজনরা ছিলেন।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, জগন্নাথপুরে নির্বাচন মানেই উৎসব আর উদ্দিপনা। এ নির্বাচনকে ঘিরে এ উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছিল। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শান্তির এই জনপদ শান্তিতে শেষ হয়েছে ভোট উৎসব।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, একটি সুন্দর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নের লক্ষ্যে আমরা সতেষ্ঠ ছিলাম। এখানকার মানুষ উৎসবমুখর পরিবেশে স্বতঃ:ফুর্তভাবে অংশ নিয়ে ভোট দিয়েছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নির্বাচনী সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ছিল। পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রতিদ্বন্দ্বি প্রার্থী এবং স্থানীয়দের আন্তরিকতায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। জগন্নাথপুরে কোথাও কোন অপ্রীতিকরণ ঘটনা ঘটেনি।
Leave a Reply