স্টাফ রিপোর্টার::
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কঠোর লকডাউনে খেটে খাওয়া ও নিম্ম আয়ের মানুষ ঘরবন্দি। এমতাবস্থায় এক কঠিন সময় যাচ্ছে অসহায় মানুষজনের।
আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলমান লকডাউনে খেটে খাওয়া নিম্ন আয়ের বিভিন্ন শ্রেনীর মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সহায়তার অংশ হিসেবে দুইশত পরিবারকে পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ প্যাকেট সেমাই, ১ কেজি আটা, ১ প্যাকেট মুড়ি, ১টি সাবান সহ উপহার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
এর আগে উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটোরিয়াম ত্রাণ বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। এসময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা সহকারী কমিশনার ভূমি অনুপম দাস অনুপ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা প্রশাসন সূত্র জানায়, চলমান লকডাউনে নিম্ম আয়ের মানুষের জন্য সারাদেশে প্রধানমন্ত্রীর উপহার প্রদানের অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলায় ৭ শত পরিবারকে নিত্যপণ্য প্রদান করা হচ্ছে। বুধবার থেকে এসব বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এরপর জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ নিজে বাড়ি বাড়ি গিয়ে চলমান লকডাউনে খাবার সংকটে থাকা মুক্তিযোদ্ধা পরিবার, দিনমজুর, প্রতিবন্ধী, হকার এরকম ৫টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, চলমান লকডাউনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমরা মাঠে রয়েছি। সংকটকালীন সময়ে কেউ যাতে খাবার সংকটে না ভূগে তাই খোঁজ নিয়ে বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply