1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

মৃত্যুর পরও যে ৩ আমলের সওয়াব সচল থাকে

  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ০ Time View

মানবজীবনের স্বাভাবিক পরিণতি মৃত্যু। মৃত্যুর মধ্য দিয়ে মানুষের কর্মজীবনের ইতি ঘটলেও কিছু নেক আমল এমন রয়েছে, যার প্রতিদান পরকালেও অবিরাম পৌঁছাতে থাকে। দুনিয়ায় রেখে যাওয়া এমন কিছু কল্যাণকর উদ্যোগ মৃত্যুর পরও আলোর উৎস হয়ে থাকে।

হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়; তবে তিনটি আমল ব্যতিক্রম—১. চলমান দান (সদকায়ে জারিয়া), ২. এমন উপকারী জ্ঞান, যার মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং ৩. সুসন্তান, যে তার জন্য দোয়া করে।’ (সহিহ মুসলিম)

১. সদকায়ে জারিয়া: এটি এমন দান, যার সুফল দীর্ঘকাল স্থায়ী হয়। যেমন—মসজিদ, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, পানির কূপ বা নলকূপ স্থাপন, বৃক্ষরোপণ, এতিমখানা পরিচালনা কিংবা জনকল্যাণে জমি ওয়াক্ফ করা। এসবের উপকারিতা যত দিন বজায় থাকবে, দাতার আমলনামায় সওয়াব তত দিন যুক্ত হতে থাকবে।

২. উপকারী জ্ঞান: একজন শিক্ষক, গবেষক, লেখক বা দাঈর রেখে যাওয়া দ্বীনি ও নৈতিক জ্ঞান, যা মানুষকে সঠিক পথ দেখায়, তা সদকায়ে জারিয়ার মতোই। হাফেজ ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন, মানব উন্নয়ন ও দ্বীনি সচেতনতায় সহায়ক জ্ঞান মৃত্যুর পরও মুমিনের জন্য সওয়াবের পথ খোলা রাখে।

৩. সুসন্তান: সন্তানকে সুশিক্ষায় গড়ে তোলা আখিরাতের অমূল্য বিনিয়োগ। সন্তান মা-বাবার জন্য ইস্তিগফার ও দোয়া করলে তা কবুল হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জান্নাতে কারও মর্যাদা বৃদ্ধি পেলে জানানো হবে—সন্তানের দোয়ার কারণেই সে এই সম্মান লাভ করেছে। (সুনানে ইবনে মাজাহ)

এ ছাড়া আলেমদের মতে, মৃত স্বজনদের জন্য দোয়া করা, তাদের নামে দান-সদকা করা এবং ঋণ পরিশোধ করার সওয়াবও মৃতের কাছে নিশ্চিতভাবে পৌঁছায়। (সহিহ বুখারি)

মৃত্যু অবধারিত হলেও এই তিন আমলের সুফল অবিনশ্বর। তাই জীবিত থাকতেই এমন স্থায়ী মানবকল্যাণমূলক কাজ করে যাওয়া উচিত, যা পরকালে আমাদের মুক্তির মাধ্যম হবে। সৌজন্যে আজকের পত্রিকা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com