জগন্নাথপুর২৪ ডেস্ক::
যুক্তরাজ্যফেরত ২৮ জনের শরীরে কোনো জটিলতা দেখা দেয়নি। তবে তাঁরা যুক্তরাজ্যে করোনাভাইরাসে সংক্রমিত হওয়া করোনার নতুন ধরনে (স্ট্রেইন) আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শারীরিক জটিলতা না থাকায় তাঁদের গতকাল সোমবার থেকে সিলেটের খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের আইসোলেশনেই রাখা হয়েছে। সিলেটের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
করোনা শনাক্ত হওয়া ২৮ জনের ব্যাপারে বিস্তারিত জানতে আজ মঙ্গলবার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে কয়েক সদস্যের একটি দল সিলেটে আসার কথা রয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ও সিলেটে করোনা পরীক্ষা কমিটির সভাপতি মো. ময়নুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সিলেটের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা শনাক্ত হওয়া যুক্তরাজ্যফেরত ব্যক্তিদের নমুনা একটি বেসরকারি প্রতিষ্ঠান পরীক্ষা করেছে। এতে করোনা পজিটিভ ফল আসে। পজিটিভ ফল আসা যুক্তরাজ্যপ্রবাসীদের নমুনা আবার নেওয়া হয়েছে অন্য পরীক্ষাগারে পরীক্ষা করানোর জন্য।
সূত্র জানায়, আক্রান্ত ব্যক্তিরা সবাই যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই দেশে এসেছিলেন। এ ব্যাপারে কথা বলতে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডলকে দুই দফা কল করলে তিনি কেটে দেন।
সুত্র-প্রথম আলো
Leave a Reply