জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। জেলা প্রশাসকের সঙ্গে পরিবহন শ্রমিক ইউনিয়নের বৈঠক শেষে রবিবার সকাল থেকে ডাকা ধর্মঘট বিকাল ৩টায় ৩ দিনের জন্য স্থগিতের ঘোষণা দেন পরিবহন শ্রমিক নেতারা।
সুনামগঞ্জ-সিলেট সড়কের সিলেট বাইপাস সড়কে চাঁদাবাজির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিল। ধর্মঘটের কারণে বেকায়দায় পড়েছিলেন দূরপাল্লার যাত্রীরা। হঠাৎ করে ধর্মঘট হওয়ায় পর্যটক, গার্মেন্টস শ্রমিকসহ জরুরি কাজে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলাগামী যাত্রীরা বিকল্প পরিবহনে ঝুঁকি নিয়ে গন্তব্যে যেতে হয়েছে।
দুপুরে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন সুনামগঞ্জের পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেন। ওখানে দীর্ঘ সময় আলোচনার পর শ্রমিক নেতৃবৃন্দ জানান, তারা জেলা প্রশাসকের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন, শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর দ্রুতই সিদ্ধান্ত জানিয়ে দেবেন তারা।
পরে বিকাল ৩ টায় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জেলা প্রশাসককে জানিয়ে দেওয়া হয়, ৩ দিনের জন্য ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, জেলা প্রশাসকের আশ^াস পেয়ে তিন দিনের জন্য ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে। বিকাল থেকে দূরপাল্লার বাস চলবে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বললেন, শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তাদের দাবি দাওয়া শুনেছি। ন্যায়সঙ্গত দাবির পক্ষে আমাদের অবস্থান থাকবে, আশ^াস দেওয়ায় তারা পরে নিজেদের মধ্যে কথা বলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
Leave a Reply