জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::দেশকে পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক ৭২-এর সংবিধানে ফিরিয়ে নেয়াসহ সম-অধিকার ও সম-মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে আগামী ৪ ডিসেম্বর (শুক্রবার) সোহরাওয়ার্দি উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির রাউন্ড টেবিল মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, এ মহাসমাবেশ ২৭ নভেম্বর অনুষ্ঠানের কথা থাকলেও ৪ ডিসেম্বর সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজনের অনুমতি পাওয়ায় সেইদিন দুপুর ১টায় এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
অ্যাডভোকেট রানা দাশগুপ্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় জানান, ৪ ডিসেম্বরের মহাসমাবেশ থেকে জাতীয় ঐকমত্যের দাবিনামা উত্থাপিত হবে। যার ভিত্তিতে ভবিষ্যতে গণতান্ত্রিক পথে ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকারের অন্দোলন অসাম্প্রদায়িক শোষণহীন ধর্মনিরপেক্ষ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যাশায় এগিয়ে যাবে। তিনি বলেন, শুধু ভোট দেয়া নয়, সম-অধিকার প্রতিষ্ঠা করে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায় এই মহাসমাবেশের ডাক দিয়েছে।
সংবাদ সম্মেলনে বহু আগেই সংসদে অর্পিত সম্পত্তি আইন পাশ হলেও তা যথাযথভাবে কার্যকারী না হওয়া, রাষ্ট্রীয় বাজেটে সংখ্যালঘুদের জন্য বিরাট বরাদ্দ থাকলেও তার ব্যয় না হওয়া, ধর্ম শিক্ষক নিয়োগ, ধর্মশিক্ষকদের বেতন কাঠামোর বৈষম্যসহ বিবিধ বিষয় উত্থাপিত হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, কাজল দেবনাথ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী,সচিন কর্মকার,সাবিত্রি ভট্টাচার্য, তাপস পাল, পদ্মাবতী দেবী প্রমুখ।
Leave a Reply