স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, আপনারা নির্ভয়ে আপনাদের ধর্মীয় দুর্গাপূজা উৎসব পালন করুন। সরকার আপনাদের পাশে আছে। তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। কিছু দুষ্ট লোক এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তাই সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায় আপনাদের সুরক্ষায় নিয়োজিত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতা-কর্মীরাও প্রতিটি মণ্ডপ এলাকায় সার্বিক সহযোগিতা প্রদান করবে।
নিজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে দেশের উন্নয়নে কাজ শুরু করেছেন। বেশ কিছু মেগা প্রকল্প ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে। এরই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকা জগন্নাথপুরের কলকলিয়া ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ‘পাইট প্রকল্পের’ কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে জগন্নাথপুর পৌরসভাসহ অন্যান্য ইউনিয়নেও এই উন্নয়ন কাজ শুরু হবে। এ সময় তিনি জগন্নাথপুরের সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা চান।
মন্দির উন্নয়ন কমিটির সভাপতি বিভাস দেবের সভাপতিত্বে ও শশীকান্ত গোপের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক ও পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মতিন, যুক্তরাজ্য বিএনপির সদস্য মির্জা লিকছন, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন দেব।