1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিল লরি, প্রাণ গেল ৫ জনের ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক চার সন্তানকে প্রতিষ্ঠিত করেও শেষ বয়সে একা, ভাড়া বাসায় মিলল মায়ের পচনধরা মরদেহ প্রধানমন্ত্রীর সফর, জাপানে আজ শীর্ষ বৈঠক, সই হতে পারে আট সমঝোতা স্মারক দেশ ও জাতির সমৃদ্ধির জন্য প্রয়োজন সম্মিলিত তওবা ‘আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা’ সুনামগঞ্জে মহানবী (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে জগন্নাথপুরে অপপ্রচার রোধে সভা: `সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার সম্প্রীতির জন্য বড় হুমকি’  সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সিলেটে একদিনে তিন মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীর সফর, জাপানে আজ শীর্ষ বৈঠক, সই হতে পারে আট সমঝোতা স্মারক

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার সেদেশের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানো, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক অংশীদারিত্ব প্রসারের বিষয় আলোচনায় গুরুত্ব পাবে। দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তারেক রহমান।

জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমানের নিয়মিত ফ্লাইট গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাঁকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। এ সময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হয় টোকিওর ইম্পেরিয়াল হোটেলে। সফরকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা এই হোটেলে থাকবেন।

আজ স্থানীয় সময় বেলা ১১টায় টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে শীর্ষ বৈঠক হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন জাপানের প্রধানমন্ত্রী। এরপর দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠকে জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো, ব্যবসায়িক সম্পর্ক জোরদার, বাংলাদেশে মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ নানা বিষয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে। কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহনসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে জাপানের সঙ্গে আটটির মতো সমঝোতা স্মারক সই হতে পারে।

 জাইকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জীবনমান উন্নয়নে জাপানকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার স্থানীয় সময় বিকেলে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী গত জুলাই মাসে জাইকা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় ঢাকায় অনুষ্ঠিত ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করেন। এ সময় তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপানের দীর্ঘদিনের সহযোগিতা ও জাইকার গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা জানান।
দেশের অবকাঠামো উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি ও উন্নয়ন আকাঙ্ক্ষা পূরণে জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করে বাংলাদেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে জাপানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।’ বৈঠকে জাপানের সহায়তায় চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো

নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়ন দ্রুত করার বিষয়েও আলোচনা হয়েছে।

মারুবেনি করপোরেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপান বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) সভাপতি ও মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
এ সময় মাসুমি কাকিনোকি বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত উৎপাদন শিল্পসহ সম্ভাবনাময় খাতগুলোতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে এসব খাতে বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মৈত্রী লীগের সভাপতি ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে প্রতিনিধি দল টোকিওর ইম্পেরিয়াল হোটেলে সাক্ষাৎ করে।

এ সময় দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি  স্বাক্ষরের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তর জোরদারে তারো আসোর সহযোগিতা প্রত্যাশা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জাপানের অব্যাহত সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জাপানের সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা, দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনোরি ইবায়াশিসহ সংসদের সিনিয়র সদস্যরা।

নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ 
প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেন। টোকিওতে মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় এ নৈশভোজ হয়। বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিন উৎপাদনের কারখানা স্থাপনে সম্ভাব্য সহযোগিতা নিয়ে নৈশভোজে আলোচনা হয়েছে। সৌজন্যে সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com