স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে সরকারি রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্তকরণে অনিয়মের অভিযোগের পর গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার ১১ টি জলাশয়ে আরো ৮৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) অবমুক্ত করা কিছু পোনামাছ অতিরিক্ত তাপমাত্রা ও অক্সিজেনের অভাবে ক্ষতিগ্রস্থ হয়। সেই ক্ষতি পুষিয়ে নিতে গতকাল দুপুরে থেকে পুনরায় পোনামাছ অবমুক্ত করা হয়। এবার আগের জলাশয়গুলোর পাশাপাশি নতুন করে মইয়ার হাওর ও জগন্নাথপুর থানা পুকুর সংলগ্ন জলাশয় যুক্ত করা হয়।
পোনামাছ অবমুক্তকৃত ১১টি জলাশয় হলো- মইয়ার হাওর, জগন্নাথপুর উপজেলা পরিষদ পুকুর, জগন্নাথপুর থানা পুকুর, সাচায়নীর চন্দন ছাইদুন এতিমখানা, মোল্লারগাঁও জামে মসজিদ, রসুলপুর খানপাড়া জামে মসজিদ, দক্ষিণ ভবানীপুর জামে মসজিদ, পশ্চিম ভবানীপুর উত্তরপার জামে মসজিদ, শেরপুর পুরাতন জামে মসজিদ, সৈয়দপুর দরগাহ জামে মসজিদ এবং ছিলিমপুর জামে মসজিদ। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, কৃষি কর্মকর্তা মোঃ কাওসার আহমেদ, মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন, জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টর নুর হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, শান্তিগঞ্জের হ্যাচারী কর্মকর্তা মনিরুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাদিরসহ স্থানীয় সংবাদকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন জানান, তীব্র গরম ও অক্সিজেনের অভাবে পূর্বের অবমুক্তকৃত কিছু পোনামাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলোর ক্ষতি পুষিয়ে নিতেই নতুন করে পোনামাছ ছাড়া হয়েছে।
প্রসঙ্গত,সরকারি রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণে উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কোনো টেন্ডার বা কমিটি গঠন ছাড়াই নিজের পছন্দমতো নিম্নমানের পোনামাছ সংগ্রহ করে তিনি তা অবমুক্ত করেন। রাজস্ব খাতের এক লাখ টাকা বরাদ্দের পোনামাছ প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্তকরণের জন্য ই—টেন্ডারে কয়েকজন ঠিকাদার কাগজপত্র দাখিল করলেও বিভ্রান্তিকর অজুহাত দেখিয়ে ই—টেন্ডার প্রক্রিয়া বাতিল করেন মৎস্য কর্মকর্তা। পরে তিনি নিজেই পোনামাছ কিনে অবমুক্ত করেন। সোমবার উদ্ধোধনী অনুষ্ঠানে সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ—৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন। উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের পুকুরে অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য কয়ছর আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন । তবে এসব অভিযোগ উপজেলা মৎস্য কর্মকর্তা অস্বীকার করেছেন।