স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রকাশিত এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন করতে পারেনি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান।
উপজেলার ১৯টি প্রতিষ্ঠানের কোনোটিতেই পূর্ণাঙ্গ সাফল্য না আসায় স্থানীয় সচেতন মহল, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে।
গতকাল শনিবার (৩১ নভেম্বর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, জগন্নাথপুরে এ বছর মোট ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১২টি কলেজ প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৬শ’ ৪৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয় । তাদের মধ্যে পাসের হার ৪৭.০৫ শতাংশ এবং জিপিএ-৫ এসেছে মাত্র ৩টি । তবে শতভাগ ফল অর্জন করতে পারেনি একটি কলেজও।
অপরদিকে, উপজেলার ৭টি মাদরাসা প্রতিষ্ঠান থেকে এবার মোট ৩শ’ ২ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেয়। আলিমে সামগ্রিক পাসের হার ৫০.৯৯ শতাংশ হলেও পুরো উপজেলায় কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি এবং কোনো মাদরাসায় শতভাগ পাসের রেকর্ড নেই।
অনুসন্ধানে জানা যায়, শতভাগ পাসের এই খরা জগন্নাথপুরে এবারই প্রথম নয়। গত বছরও এ উপজেলায় ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশ নিয়েছিল। এরমধ্যে ১১টি কলেজ ও ৭টি মাদরাসা। ওই বছর
উপজেলার কোনো প্রতিষ্ঠানই শতভাগ ফলাফল অর্জন করতে পারেনি।ফলে এধরনের হতাশা বিরাজ করছে শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে।