মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন,
فَاسۡتَجَبۡنَا لَهٗ فَكَشَفۡنَا مَا بِهٖ مِنۡ ضُرٍّ وَّ اٰتَیۡنٰهُ اَهۡلَهٗ وَ مِثۡلَهُمۡ مَّعَهُمۡ رَحۡمَۃً مِّنۡ عِنۡدِنَا وَ ذِكۡرٰی لِلۡعٰبِدِیۡنَ
সরল অনুবাদ :
তখন আমি তার ডাকে সাড়া দিলাম। আর তার যত দুঃখ-কষ্ট ছিল তা দূর করে দিলাম এবং তার পরিবার-পরিজন তাকে দিয়ে দিলাম।
আর তাদের সঙ্গে তাদের মতো আরো দিলাম আমার পক্ষ থেকে রহমত এবং ইবাদাতকারীদের জন্য উপদেশস্বরূপ। (সুরা : আম্বিয়া, আয়াত : ৮৪)
সংক্ষিপ্ত ব্যাখ্যা :
আল্লাহর প্রিয় নবী আইয়ুব (আ.)-এর জীবন ধৈর্য, সবর, আল্লাহর প্রতি অবিচল আস্থা ও কৃতজ্ঞতার এক অনন্য দৃষ্টান্ত। কোরআন মাজিদে তাঁর পরীক্ষার কথা সংক্ষেপে বর্ণিত হলেও, তাফসির, হাদিস ও ঐতিহাসিক বর্ণনায় এ ঘটনার আরো বিস্তারিত বিবরণ পাওয়া যায়। প্রথম জীবনে আল্লাহ্ তাআলা আইয়ুব (আ.)-কে বিপুল ধন-সম্পদ, বিস্তীর্ণ জমি-জমা, দালান-কোঠা, গবাদিপশু, চাকর-বাকর এবং অসংখ্য সন্তান-সন্ততি দান করেছিলেন।
তিনি ছিলেন অত্যন্ত ধনী ও সম্মানিত ব্যক্তি। কিন্তু আল্লাহ্ তাঁর প্রিয় বান্দাকে বিশেষ পরীক্ষায় ফেলতে চাইলেন—যেমন তিনি অন্যান্য নবীদেরও বিভিন্নভাবে পরীক্ষা করেছেন।
ধীরে ধীরে তাঁর সব সম্পদ নষ্ট হয়ে গেল। সন্তান-সন্ততিরাও মৃত্যুবরণ করল অথবা বিচ্ছিন্ন হয়ে গেল।
কেউ তাঁর কাছে যেত না। শুধু তাঁর বিশ্বস্ত ও সতী-সাধ্বী স্ত্রী লাইয়্যা বিনতে মেশা—যিনি নবী ছিলেন ইউছুফ (আ.)-এর বংশধর—তিনি স্বামীর সেবা-যত্নে অবিচল থাকেন।
তিনি মানুষের বাড়িতে কাজ করে বা শ্রম দিয়ে খাবার সংগ্রহ করতেন এবং তা দিয়ে স্বামীর সেবা করতেন। একসময়ের বিপুল ধন-সম্পদের মালিক পরিবার তখন চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছিল। তবে আশ্চর্যের বিষয় হলো—এই কঠিন পরীক্ষার মাঝেও আইয়ুব (আ.)-এর মুখে কখনো অভিযোগের একটি শব্দও শোনা যায়নি। বরং তিনি আরো বেশি ইবাদত, জিকির ও আল্লাহর স্মরণে নিমগ্ন হয়ে পড়েন। রাসুলুল্লাহ (সা.) একাধিক হাদিসে বলেছেন, নবীরাই সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন। তারপর যারা ঈমান ও দ্বীনের ওপর যত বেশি দৃঢ়, তাদের পরীক্ষা তত বেশি হয়। এই দিক থেকে আইউব (আ.) ছিলেন সবরের সর্বোচ্চ উদাহরণ। যেমন দাউদ (আ.) শোকরের জন্য প্রসিদ্ধ ছিলেন, তেমনি আইয়ুব (আ.) ছিলেন ধৈর্য ও সহিষ্ণুতার প্রতীক।
দীর্ঘ ১৮ বছর সময় ধরে তিনি রোগে আক্রান্ত অবস্থায় ছিলেন। তবুও কখনো অধৈর্য হননি। একদিন তাঁর স্ত্রী কষ্ট দেখে আর সহ্য করতে না পেরে বললেন, ‘আপনি আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করুন।’
তখন আইউব (আ) উত্তরে বললেন, ‘আমি সত্তর বছর সুস্থতা ও সুখ-শান্তির মধ্যে কাটিয়েছি। এখন যদি কয়েক বছর কষ্ট সহ্য করি, তাতে অসুবিধা কোথায়?’ এ কথা তাঁর সবরের গভীরতা প্রকাশ করে। তিনি আশঙ্কা করতেন, যেন দোয়া করতে গিয়ে আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ প্রকাশ না হয়ে যায়। যদিও আল্লাহর কাছে কষ্ট দূর করার আবেদন করা কখনো বেসবরী নয়। অবশেষে এমন এক পরিস্থিতি সৃষ্টি হলো, যখন তিনি বিনয়ের সঙ্গে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। কোরআনে তাঁর সেই দোয়া এভাবে এসেছে, ‘নিশ্চয়ই আমি দুঃখ-কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো সর্বাধিক দয়ালু।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ৮৩)
তাঁর এই বিনম্র প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ তাঁকে নির্দেশ দিলেন, পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করতে। তিনি তা করতেই মাটি ফেটে এক স্বচ্ছ পানির ঝরনা বেরিয়ে এলো। তাঁকে বলা হলো—এই পানি পান করো এবং তা দিয়ে গোসল করো। তিনি সেই পানি পান করলেন ও গোসল করলেন। মুহূর্তের মধ্যেই তাঁর সমস্ত রোগ দূর হয়ে গেল। ক্ষতবিক্ষত, দুর্বল দেহ আবার সুস্থ, সুন্দর ও শক্তিশালী হয়ে উঠল। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতি পোশাকও দান করলেন। এরপর তিনি আবর্জনার স্থান থেকে কিছুটা দূরে গিয়ে বসে থাকলেন। এদিকে তাঁর স্ত্রী প্রতিদিনের মতো তাঁকে দেখতে এসে আগের স্থানে না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন। তিনি ভাবলেন, হয়তো কোনো জন্তু তাঁকে খেয়ে ফেলেছে। কিছু দূরে বসে থাকা সুদর্শন ব্যক্তিকে দেখে তিনি জিজ্ঞেস করলেন, ‘আপনি কি জানেন, এখানে যে অসুস্থ লোকটি ছিলেন, তিনি কোথায় গেলেন?’ তখন আইয়ুব (আ) বললেন, ‘আমিই আইউব।’
স্ত্রী বিস্মিত হয়ে ভাবলেন, হয়তো কেউ তাঁর সঙ্গে রসিকতা করছে। কিন্তু পরে যখন তিনি ভালোভাবে লক্ষ্য করলেন, তখন বুঝতে পারলেন—এ সত্যিই তাঁর স্বামী, যাকে আল্লাহ নতুন জীবন ও সুস্থতা দান করেছেন। এরপর আল্লাহ্ তাআলা তাঁর হারিয়ে যাওয়া ধন-সম্পদ ফিরিয়ে দিলেন। শুধু তাই নয়, আগের তুলনায় আরও বেশি দান করলেন। সন্তান-সন্ততিও ফিরিয়ে দিলেন এবং নতুন সন্তানও দান করলেন। কোনো কোনো বর্ণনায় এসেছে, তাঁর মৃত সন্তানদের পুনরুজ্জীবিত করা হয়েছিল এবং সমসংখ্যক নতুন সন্তানও দেওয়া হয়েছিল। এভাবেই আল্লাহ্ তাআলা তাঁর প্রিয় নবী আইয়ুব (আ.)-এর সবর, তাওয়াক্কুল ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসকে সমগ্র মানবজাতির জন্য শিক্ষণীয় নিদর্শন হিসেবে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রেখেছেন। কোরআনে আল্লাহ্ তাঁর সম্পর্কে ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই আমি তাকে সবরকারী হিসেবে পেয়েছি।’ (তাফসিরে তাওজিহুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, ইবনে কাসির, কুরতুবি) সৌজন্যে কালের কণ্ঠ