স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ মাদক, তীব্র যানজট এবং অবৈধ মানবপাচারকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় ।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ, উপজেলা জমিয়তে উলামায়ের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান এবং হাফিজ মহিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জগন্নাথপুরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে মাদকের বিস্তার রোধ, শহরকে যানজটমুক্ত করা এবং দালালের খপ্পরে পড়ে তরুণদের অবৈধ পথে বিদেশ যাত্রা বা মানবপাচার ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসব অপরাধের বিরুদ্ধে প্রশাসনের চলমান অভিযান আরও জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর জন্য সমাজের সকল স্তরের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।