স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর)দুপুরে ভ্রামমান আদালতের অভিযানে ১টি ড্রেজার মেশিনসহ ২টি বালুর নৌকা (বলগেট) জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই শ্রমিক কে আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কুশিয়ারা নদী থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো মহসীন উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে বেআইনিভাবে বালু উত্তোলনের সময় ১টি ড্রেজার মেশিন ও ২টি নৌকাসহ জড়িত দুই শ্রমিক কে আটক করা হয়। আটককৃত দুই শ্রমিক হলেন আল আমীন (৩৫) ও আফছর আলী(২৮)। তাদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারার আওতায় দুই লাখ টাকা করে চার লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অনাদায়ে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহসীন উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, জনস্বার্থে ও নদীর পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।