স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে এক কৃষকের ফসলি জমির ফসল গরু ঢুকিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিবাদ করায় ভুক্তভোগী কৃষক ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তা ও প্রতিকার চেয়ে ভুক্তভোগী কৃষক জগন্নাথপুর থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (২৩ মে) সকালে পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের কৃষক রমিজ আলীর জমিতে একই গ্রামের শহিদুল ইসলাম, মামুন ও শামিমের ১০-১২টি গবাদিপশু ঢুকিয়ে প্রায় তিন কেয়ার জমির ফসল—সিসিন্দা, কাঁচা মরিচ, নালিয়া শাক ও বেগুনসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যায়। এতে তাঁর আনুমানিক প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই কৃষক । কৃষক রমিজ আলীর অভিযোগ, অভিযুক্তরা নিজেরাই জমির পাশে অবস্থান নিয়ে গরুগুলো তাঁর ফসলি জমিতে প্রবেশ করায় এবং পুরো ফসল বিনষ্ট করে। পরে তিনি প্রতিবাদ করলে তারা মারমুখী আচরণ করেন এবং তার পরিবারের সদস্যদেরও প্রাণনাশের হুমকি দেন। তিনি বলেন, অনেক কষ্ট আর ধারদেনা করে এই ফসল করেছি। শহিদুল, মামুন ও শামিমদের গরু দিয়ে আমার ফসল নষ্ট করা হয়েছে। প্রতিবাদ করায় এখন আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ চাই। নিরাপত্তার জন্য থানায় ও ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি। এ ঘটনায় এলাকায় সাধারণ কৃষক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তবে এ ঘটনায় অভিযুক্ত শামিম আহমেদ সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
পাইলগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজুউদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে কৃষক রমিজের ফসলের ক্ষতি করা হচ্ছে। অভিযোগ পেয়ে আমি অভিযুক্ত সবাইকে ডেকেছিলাম। তাঁরা আসেনি।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, ঘটনাটি আমরা অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।