জগন্নাথপুর২৪ ডেস্ক::
তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আল আমিন (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। শনিবার দুপুরে উপজেলার বালিয়াঘাট গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকালে শিশুদের ফুটবল খেলার সময় আল আমিনের ভাগনের পায়ে প্রতিপক্ষ আব্দুল লতিফের ছেলের জোরে বল আঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাগনে ওই শিশুটিকে চড় মারে। এ ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে ঘটনা জানালে আব্দুল লতিফের পক্ষের লোকজন হুমকি—ধামকি দিতে থাকে। পরবর্তীতে বিষয়টি মীমাংসার জন্য রাতে স্থানীয় বাজারে গেলে আল আমিনের ছোট ভাই জুয়েল মিয়াকে মারধর করা হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর ১২টার দিকে ১৫—২০ জনের এক দল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আল আমিনের বাড়ির সামনে গিয়ে গালিগালাজ শুরু করে। আল আমিন বাইরে বের হয়ে প্রতিবাদ জানালে হামলাকারীরা বাড়িতে ঢুকে পড়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরে অতর্কিত আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।