জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের রায়ানগর রাজবাড়ি মিতালী আবাসিক এলাকায় বাসায় ঢুকে নৃশংসভাবে হত্যার শিকার ব্যবসায়ী আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে হযরত মানিক পীর (রহ.) টিলা গোরস্তানে তাদের দাফন করা হয়।
এর আগে, এ ঘটনায় নিহত গৃহকর্মী তাহমিনাকে গত বৃহস্পতিবার তাঁর নিজ বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায় দাফন করা হয়।
শুক্রবার নিহত দম্পতির জানাজায় সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষের সঙ্গে অংশ নেন যুক্তরাষ্ট্র থেকে সদ্য দেশে ফেরা তাদের একমাত্র ছেলে আরিফ ইফতেখার। জানাজার আগে তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাবা জীবিতকালে কোনো ভুলত্রুটি করে থাকলে সবাই ক্ষমা করে দেবেন। তাঁর কাছে কেউ কোনো পাওনা থাকলে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন।’
শুক্রবার যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে নিহত দম্পতির ছেলে ও তিন মেয়ে সিলেটে পৌঁছান। পরে এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গ থেকে লাশ গ্রহণের পর মা-বাবাকে শেষবারের মতো দেখে কান্নায় ভেঙে পড়েন তারা।
এদিকে, ট্রিপল মার্ডারের এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। মামলা-সংক্রান্ত বিষয়ে প্রবাসী সন্তানদের নিয়ে রাতে আলোচনায় বসেছেন স্বজনরা। আজ শনিবার থানায় মামলা দায়েরের সম্ভাবনা রয়েছে বলে নিশ্চিত করেছেন নিহত দম্পতির এক স্বজন।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, পুলিশ এজাহারের অপেক্ষায় রয়েছে। দাফন-কাফন শেষ হয়েছে, আশা করা যাচ্ছে রাতে বা পরদিন সকালে স্বজনরা এজাহার জমা দেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা না হওয়ায় আটক অভিযুক্ত বাবুল মিয়াকে ৫৪ ধারায় আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত বুধবার সকালে রায়ানগর রাজবাড়ি মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা ‘নিকুঞ্জ ভিলা’য় ঢোকে বাড়ির মালিক মো. আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। ওই দিন বিকেলেই অভিযান চালিয়ে অভিযুক্ত কলোনি বাসিন্দা বাবুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল খুনের কথা স্বীকার করলেও, ঘটনাস্থলের নানা আলামত দেখে এ হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত এবং নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে বলে দাবি করছেন নিহতের স্বজন ও স্থানীয় ব্যবসায়ীরা।
সূত্র-সমকাল