জগন্নাথপুর২৪ ডেস্ক::
নতুন বাজেট জনগণের জন্য স্বস্তি হলেও বিরোধী দলের জন্য অস্বস্তির কারণ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দল দেশে অশান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দল বলেছে এই বাজেট জনবিরোধী, এই বাজেট তারা মানে না। বিরোধী দল দেশে অশান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। জনগনকে বিভ্রান্ত করতে চায়।’
শনিবার (১৩ জুন) কক্সবাজারে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনর্খনন কাজের উদ্বোধন শেষে এক জনসভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমরা আগেই বলেছি বিএনপির রাজনীতি মানুষের জন্য এবং সে জন্যই আমরা কৃষক ভাইদের পাশের দাঁড়ানোর জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছি। আমরা নির্বাচনের আগে বলেছিলাম, কৃষক ভাইদের বীজ ও কীটনাশক ওষুধ কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকার একটি সুবিধা দিতে চাই এবং সেটি দেব কৃষক কার্ডের মাধ্যমে, ইনশাআল্লাহ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জানি গ্রামে-গঞ্জে মিলিয়ে বাংলাদেশে ৭০ থেকে ৮০ ভাগ খেটে খাওয়া মানুষ। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, এই নারীদের দেশনেত্রী খালেদা জিয়া বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়ে গেছেন। এই নারীরা যদি স্বাবলম্বী না হয়, তাহলে পুরুষের পাশে দাঁড়াতে পারবে না এবং বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। সে জন্য এই নরীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বর্তমান সরকার ফ্রি করার ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, যারা ভালো করবে তাদেরকে আমরা উপবৃত্তিও দেব, সে ব্যবস্থাও আমরা রেখেছি।’ সূত্র খবরের কাগজ