1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

শনিবারের ব্যাপারে বনি ইসরায়েলের সীমালঙ্ঘনের পরিণতি

  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মানুষ যখন আল্লাহর আদেশকে সম্মান করে, তখন সে মর্যাদার শিখরে পৌঁছে যায়। আর যখন ধোঁকা, প্রবৃত্তি ও দুনিয়াবি স্বার্থের কারণে আল্লাহর বিধানকে খেলায় পরিণত করে, তখন তার পরিণতি হয় ভয়াবহ। ইতিহাসের পাতায় এমন বহু জাতির কাহিনি রয়েছে, যারা অবাধ্যতার কারণে আল্লাহর গজবে ধ্বংস হয়েছে। বনি ইসরায়েলের ‘শনিবারের ঘটনা’ তার অন্যতম জ্বলন্ত উদাহরণ।
তারা বাহ্যিকভাবে আল্লাহর বিধান মানার ভান করে ভেতরে ভেতরে প্রতারণা করছিল। এমনকি শরিয়তের হুকুমকে কৌশলে অমান্য করার মধ্যমে দুনিয়াবি লাভ তালাশ করছিল। ফলে এটা তাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে।বনি ইসরায়েলের ওপর আল্লাহ তাআলা শনিবারকে বিশেষ ইবাদতের দিন হিসেবে নির্ধারণ করেছিলেন।

এ দিনে তাদের জন্য মাছ শিকার করা নিষিদ্ধ ছিল। এটি ছিল তাদের জন্য একটি পরীক্ষা, তারা আল্লাহর আদেশ মেনে চলে কি না। কিন্তু তারা ধৈর্য ধারণ করতে পারেনি। কারণ শনিবারে সমুদ্রের মাছ প্রচুর পরিমাণে তীরে ভেসে আসত, আর অন্য দিনগুলোতে খুব কম আসত।
ফলে তাদের লোভ বেড়ে যায়। তখন তারা সরাসরি শনিবারে মাছ ধরত না; বরং শুক্রবার জাল পেতে রাখত এবং রবিবার মাছ সংগ্রহ করত। বাহ্যিকভাবে তারা মনে করত, ‘আমরা তো শনিবারে মাছ ধরিনি!’ অথচ বাস্তবে তারা আল্লাহর বিধানকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা অবশ্যই তাদের সম্পর্কে জানো, যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল। তখন আমি তাদের বলেছিলাম, ‘তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হও।
’ (সুরা : বাকারা, আয়াত : ৬৫)মুফাসসিরদের মতে, এটি কোনো রূপক শাস্তি ছিল না; বরং প্রকৃত শারীরিক রূপান্তর। আল্লাহ তাআলা তাদের মানুষের আকৃতি বিকৃত করে বানরের আকৃতিতে পরিণত করেন। তবে তাদের চিন্তা-চেতনা ও অনুভূতি মানুষের মতোই ছিল। তারা একে অপরকে চিনতে পারত, একে অপরকে দেখে কাঁদত, অনুতাপে ছটফট করত,কিন্তু কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। ইমাম ইবনে কাসির রহ. উল্লেখ করেন, তাদের হৃদয় ও উপলব্ধি মানুষের মতোই ছিল, কিন্তু বাহ্যিক আকৃতি বানরের মতো করে দেওয়া হয়েছিল,যাতে শাস্তি আরও লাঞ্ছনাকর হয়। (তাফসির ইবন কাসির, তরজমাতু শাইখুল হিন্দ রহ.)

তবে এই রূপান্তরিত লোকেরা তিন দিনের বেশি জীবিত ছিল না। তারা কোনো খাবার গ্রহণ করেনি এবং তাদের কোনো বংশধরও হয়নি। তিন দিনের মধ্যেই সকলেই ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর আমি এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং মুত্তাকিদের জন্য উপদেশ বানিয়েছি।’ (সুরা : বাকারা, আয়াত : ৬৬)

আল্লাহ তাআলা তাদের এই কপটতা ও চালাকি ভালোভাবেই জানতেন। কারণ আল্লাহর বিধানকে ফাঁকি দেওয়া যায় না। মানুষ দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারলেও মহান রবকে ধোঁকা দিতে পারে না। যেমন আল্লাহ বলেন, ‘আপনি তাদের সেই জনপদের কথা জিজ্ঞাসা করুন, যা ছিল সমুদ্রতীরে অবস্থিত; যখন তারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করত…।’ (সুরা : আরাফ, আয়াত : ১৬৩)

তবে সব বনি ইসরাইল কিন্তু অপরাধে জড়িত ছিল না। তাদের মধ্যে কিছু নেককার মানুষ ছিল, যারা অন্যদের নিষেধ করত এবং আল্লাহর ভয় স্মরণ করিয়ে দিত। তারা বলত, আল্লাহর অবাধ্যতা থেকে বিরত হও, নতুবা ভয়াবহ শাস্তি নেমে আসবে। এতে বোঝা যায়, সমাজে অন্যায় দেখেও চুপ থাকা উচিত নয়। সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা মুমিনের দায়িত্ব। অবশেষে যখন তারা সীমালঙ্ঘনে অটল থাকে এবং তওবা করছিল না, তখন আল্লাহ তাআলার গজব নেমে আসে। আল্লাহ তাদের একাংশকে লাঞ্ছিত বানরে রূপান্তরিত করেন। মহান আল্লাহ বলেন, ‘অতঃপর যখন তারা নিষিদ্ধ কাজের ব্যাপারে ঔদ্ধত্য প্রদর্শন করল, তখন আমি তাদের বললাম, ‘তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হও।’ (সুরা : আরাফ, আয়াত : ১৬৬)

আজও অনেক মানুষ বিভিন্ন কৌশলে হারামকে হালাল করার চেষ্টা করে। কেউ সুদকে অন্য নামে চালায়, কেউ প্রতারণাকে ব্যবসায়িক বুদ্ধি বলে চালিয়ে দেয়, কেউ শরিয়তের বিধানকে নিজের স্বার্থ অনুযায়ী ব্যাখ্যা করে। কিন্তু মনে রাখতে হবে, যে আল্লাহ বনি ইসরাইলের গোপন কৌশল জানতেন, তিনি আজকের মানুষের অন্তরের খবরও জানেন। আল্লাহ তাআলা বলেন, ‘তারা আল্লাহ ও মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেদেরকেই ধোঁকা দেয়; কিন্তু তারা তা বুঝে না।’ (সুরা : বাকারা, আয়াত : ৯)

অতএব, শনিবারের সীমালঙ্ঘনের ঘটনা প্রতিটি যুগের মানুষের জন্য জীবন্ত সতর্কবার্তা। আল্লাহর আদেশকে অবহেলা করা, দ্বীনের বিধান নিয়ে চালাকি করা এবং দুনিয়ার স্বার্থকে সত্যের ওপর প্রাধান্য দেওয়া শেষ পর্যন্ত মানুষকে অপমান ও ধ্বংসের দিকেই নিয়ে যায়। তাই একজন মুমিনের কর্তব্য হলো, আল্লাহর প্রতিটি হুকুম আন্তরিকতার সঙ্গে মেনে চলা, হারাম থেকে বেঁচে থাকা এবং কপটতা ও প্রতারণা থেকে দূরে থাকা। কারণ আল্লাহকে কখনো ধোঁকা দেওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর আদেশ মান্য করার তাওফিক দান করুন। আমিন।

সৌজন্যে কালের কণ্ঠ

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com