জগন্নাথপুর২৪ ডেস্ক::
স্টাফ রিপোর্টার
শাল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেবার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। গ্রেপ্তারকৃত স্বামী রণধির দাসের ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সন্ধায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের শাল্লার বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালেদ মিয়া রণধিরের রিমাণ্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, শাল্লার দাড়াইন নদী থেকে মঙ্গলবার মানসি সরকারের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। মানসি সরকার শাল্লার দাড়াইন বাজারের টেইলার্স রণধির দাসের দ্বিতীয় স্ত্রী। পাশের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মৃত রমেশ দাসের ছেলে রণধিরের গ্রামের বাড়িতে প্রথম স্ত্রী থাকতেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রণধির দাড়াইন বাজারেই ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইবাক গ্রামের সমীর সরকারের মেয়ে মানসি অন্ত:সত্বা ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। মানসি নিখোঁজ থাকায় পুলিশের সন্দেহ হয়। বুধবার সন্ধ্যায় রণধিরকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্ত্রী হত্যার কথা স্বীকার করে সে। এ ঘটনায় আর কেউ যুক্ত আছে কী না খতিয়ে দেখছে পুলিশ।
শাল্লা থানার ওসি নূর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রণধির দাস (৪৫) স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোর্ট ইন্সপেক্টরের দায়িত্বে থাকা পুলিশ অফিসার দেবপ্রিয় চাকমা বৃহস্পতিবার রাত ৮ টায় জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় শাল্লা থানা পুলিশ রণধিরকে আদালতে সোপর্দ করে রিমাণ্ড চাইলে আদালত ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।
সুত্র-সুনামগঞ্জের খবর
Leave a Reply