1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ, মরমি কবি হাসন রাজার প্রপৌত্র দেওয়ান শামছুল আবেদীনের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বাদ জোহর নামাজ শেষে তেঘরিয়া মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন মরহুম শামসুল আবেদীনের ভাই দেওয়ান জয়নুল জাকেরীন, দেওয়ান সদরুল সাদেকীন, দেওয়ান সাবেরীন, দেওয়ান গণিউল সালাদীন, ফুফাতো ভাই ডা. আনিসুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর বিশিষ্ট আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল পিপি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদীর আহমেদ, আবুল মনসুর শওকত, আতম মিছবাহ, নজরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

রবিবার রাতে নিজ বাসভবনে দেওয়ান শামসুল আবেদীন হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। বৈরি আবহাওয়ার কারণে লক্ষণশ্রী ঈদগাহের পরিবর্তে সোমবার দুপুর ২টায় মরহুমের জানাজা তেঘরিয়া জামে মসজিদে (হাসনরাজার বাড়ির পাশে) অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

মরহুম দেওয়ান শামসুল আবেদীনের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ছিল বৈচিত্র্যময়। দেওয়ান শামসুল আবেদীন সাবেক সিলেট-৩ (বর্তমান সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) আসন থেকে তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি জেলা বিএনপির সভাপতিও ছিলেন। ১৯৯১ সালে সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ১৯৯৬ সালে তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে ২০০১ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সুনামগঞ্জ-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০৮ সালে তিনি স্বতন্ত্র হিসেবে একই আসনে নির্বাচন করেছিলেন, কিন্তু জয়ী হতে পারেননি। ২০২৩ সালের ২০ নভেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছিলেন, তবে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা এবং প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর নানা ষড়যন্ত্রের অভিযোগ এনে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com