সুনামগঞ্জ প্রতিনিধি : বিলাতের সাপ্তাহিক বাংলা মিরর, ব্রিটিশ-বাংলাদেশি হুজ’হু ও অনলাইন পোর্টাল সিলেট মিরর ডটকম সম্পাদক আব্দুল করিম গনি বলেছেন, হলুদ সাংবাদিকতা ও সোশ্যাল মিডিয়ার অযাচিত বিষয় দুটোই সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করেছে। তাই সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে অপসাংবাদিকতাকে মোকাবেলা করতে হবে।
সাংবাদিকতা এখন নানা চ্যালেঞ্জের মধ্যে আছে উল্লেখ করে তিনি বলেন, ব্রিটেনের বাংলা সাংবাদিকতাও সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বিলাতের গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল করিম গনি’র সঙ্গে ‘অন্তরঙ্গ আলাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল করিম গনি। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সিলেটের ডাক-এর সাব-এডিটর এনামুল হক রেনু, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মাহবুবুর রহমান পীর, সহ-সভাপতি সেলিম আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সদস্য শামসুল কাদির মিসবাহ, শহিদনুর আহমেদ, আমিনুল ইসলাম, মনোয়ার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুল করিম গনি বিলেতে তার সাংবাদিকতা যাত্রাপথের নানা বাকবদলের স্মৃতিচারণ করেন। বলেন, অনলাইন ও মাল্টিমিডিয়ার যুগে সেই চ্যালেঞ্জকে সঙ্গী করেই এগিয়ে যাচ্ছে বিলেতের সাংবাদিকতা। সুনামগঞ্জের সাংবাদিকদেরও তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার আহ্বান জানান।