স্টাফ রিপোর্টার-আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের সিলেট অঞ্চল, ভারতের আসামসহ বিশ্বের বিভিন্ন স্থানে পালিত হবে ধামাইল দিবস। ধামাইল নৃত্যের প্রবর্তক ও বৈষ্ণব কবি রাধারমণ দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে দিবসটি উদযাপনের পাশাপাশি পালিত হবে ‘রাধারমণ দত্ত স্মরণ দিবস’ও।
দিবসটি উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে অবস্থিত রাধারমণ দত্তের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করবে সাংস্কৃতিক সংগঠন “ধামালি চুনারুঘাট”। এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে এ বছর প্রখ্যাত ধামাইল শিল্পী সুনামগঞ্জের কুমকুম চন্দকে আজীবন সম্মাননা প্রদান করা হবে।
বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার সংগঠন “ধামালি চুনারুঘাট” এর পাশাপাশি “বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ, কেন্দ্রীয় কমিটি”, “বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ, কেন্দ্রীয় সংসদ”, “নবনাগরী ধামাইল সংঘ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার” এবং ভারতের আসামের “সম্মিলিত লোকমঞ্চ, শিলচর”সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ মে ধামাইল নৃত্যের প্রবর্তক রাধারমণ দত্ত পুরকায়স্থের জন্মবার্ষিকী উপলক্ষে দিনটিকে ‘জাতীয় ধামাইল দিবস’ ঘোষণার দাবিতে “ধামালি চুনারুঘাট” সংস্কৃতি মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করে। এর আগে একই বছরের ১৮ মে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে জাতীয় ধামাইল দিবস পালনের উদ্যোগ গ্রহণ করে। এরপর থেকে প্রতিবছরই সিলেটের বিভিন্ন সংগঠন ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তি পর্যায়ে “রাধারমণ স্মরণ দিবস” ও “ধামাইল দিবস” পালিত হয়ে আসছে।
এ আয়োজনকে ঘিরে দীর্ঘদিন ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সংগঠনটির সভাপতি ও লোকসংস্কৃতি সংগ্রাহক অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহার। তাঁর উদ্যোগের ধারাবাহিকতায় ভারতের আসামের শিলচরে ২০২৪ সালের ২৬ মে “সম্মিলিত লোকমঞ্চ, শিলচর” প্রথমবারের মতো আন্তর্জাতিক ধামাইল দিবস পালন করে গৌরব অর্জন করে। সেই আয়োজনে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহার।
অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ বাহার বলেন, ২৬ মে কে ‘জাতীয় ধামাইল দিবস’ ঘোষণার দাবিতে “ধামালি চুনারুঘাট” গণস্বাক্ষর কর্মসূচিও শুরু করেছে। সিলেটের ঐতিহ্যবাহী ধামাইলকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের কাছে বড় পরিসরে স্মারকলিপি পেশের প্রস্তুতির অংশ হিসেবে গত ২০২৫ সালের ১৮ জুলাই শুক্রবার এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট লোকসংগীতশিল্পী লাভলী দেব।
তিনি আরও জানান, “ধামাইল শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সাল থেকে আমরা আজীবন সম্মাননা পুরস্কার চালু করেছি। এ সম্মাননার প্রথম প্রাপক ছিলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের রামকৃষ্ণ সরকার। আমরা আশা করি, বাংলাদেশ সরকার শিগগিরই ২৬ মে কে ‘জাতীয় ধামাইল দিবস’ হিসেবে ঘোষণা করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানাচ্ছি।”