জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট নগরে একদিনে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। অপর দুজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে।
দুর্ঘটনায় শিক্ষক ও মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নগরের মিরের ময়দান এলাকায় সিলেট বেতারের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদ। বেতনের চেক নিয়ে ব্যাংকে যাওয়ার পথে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
একই দিন রাত ১টার দিকে সিলেট শহরতলীর খাদিম বিসিক শিল্প এলাকার সামনে তামাবিল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন শাহরিয়ার হাসান (২৬)। তিনি খাদিমপাড়া দাসপাড়া এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।
শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
হোটেল ও বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
এদিকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নগরের বন্দরবাজারের লালবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে ব্যবসায়ী সোহেল আহমদ (৩৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। তিনি জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার বাসিন্দা এবং নগরের নয়াসড়ক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি হাসান মার্কেটে ব্রিফকেস ও ব্যাগেজের ব্যবসা করতেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
অপরদিকে একই দিন নগরের উপশহর এফ-ব্লকের একটি বাসা থেকে রাব্বী আহমদ (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দোস্তপুর এলাকার মো. আবু তাহেরের ছেলে। সকালে কোনো সাড়া না পেয়ে স্বজনেরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাকে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহপরান (রহ.) থানার ওসি মো. মনির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। সূত্র-এশিয়া পোষ্ট.কম