জগন্নাথপুর২৪ ডেস্ক::
টাঙ্গাইলের সখীপুরে গলায় শুকনা রুটি আটকে জান্নাত (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সানবান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জান্নাত ওই এলাকার আজগর আলীর মেয়ে। তিনি সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সৌদি আরবপ্রবাসী। জান্নাত স্থানীয় সূর্য তরুণ শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণিতে পড়ত।
জান্নাতের নানা সিদ্দিক হোসেন বলেন, গতকাল সন্ধ্যার পর জান্নাত পড়তে বসে। এ সময় তার মা তাকে রুটি বানিয়ে দেন। পড়াশোনা করতে করতে সে রুটি খাচ্ছিল। হঠাৎ শুকনা রুটি তার গলায় আটকে যায়।
পরে স্থানীয় লোকজন জান্নাতকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সেলিম কবির জানান, হাসপাতালে আনার আগেই জান্নাতের মৃত্যু হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র প্রথম আলো