স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বাজারে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি পিএলসি-এর উদ্যোগে সংবর্ধনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পশ্চিম বাজারে অবস্থিত কোম্পানির নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। জগন্নাথপুর উপজেলা সহকারী জোন প্রধান মো: আবদুল সালামের সভাপতিত্বে এবং সাইফুর রহমান সোহাগের পরিচালনায়ে এতে প্রধান অতিথির বক্তব্য দেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ভাইস প্রেসিডেন্ট ও সিলেট এরিয়া প্রধান মো: মাজহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ, জিএম ১০ মনিটরিং কর্মকর্তা আব্দুল মতলিব এবং জগন্নাথপুর জোনের জেনারেল ম্যানেজার তাজিরুন নেছা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাঠ কর্মকর্তা ফজর আলী ও সোহেনা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস প্রেসিডেন্ট মো: মাজহারুল ইসলাম মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সততার ওপর জোর দিয়ে বলেন, নীতি-নৈতিকতার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। মাঠ পর্যায়ের কোনো কর্মকর্তা যদি গ্রাহকের আমানত নিয়ে কোনো ধরনের শঠতা বা জালিয়াতির আশ্রয় নেন, তবে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। কোনো একক ব্যক্তির অন্যায়ের জন্য প্রতিষ্ঠানের দীর্ঘ ৪২ বছরের গৌরবময় সুনাম নষ্ট হতে দেওয়া যাবে না।
বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ বলেন, জীবন বীমাকে একসময় গ্রামীণ অঞ্চলের মানুষ বেশ ভয় পেত। মাঝখানে কিছু নামসর্বস্ব ইন্সুরেন্স কোম্পানির দুর্নাম ও অনিয়মের কারণে মানুষ একপ্রকার অন্ধকারের মধ্যে ছিল, কোনটা আসল আর কোনটা নকল তা নিয়ে বিভ্রান্তি ছিল। তবে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স তাদের স্বচ্ছ সেবা দিয়ে মানুষের সেই ভয় দূর করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি কর্মক্ষেত্রে চমৎকার পারফরম্যান্স ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জগন্নাথপুর জোনের তিনজন সফল মাঠ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন আবদুল মুকিত, সোহেনা বেগম এবং গুলনাহার বেগম। সভায় স্থানীয় গ্রাহক ও মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ঘোষগাঁও মোল্লা বাড়ি মসজিদের ইমাম আবদুল কাইয়ুম।