পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ, যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য পরস্পর ঋণের লেনদেন করবে, তখন তা লিখে রাখবে।
তাফসিরবিদদের মতে, ধার-কর্জের লেনদেনে দলিল-দস্তাবেজ লিপিবদ্ধ করা উচিত, যাতে ভুলভ্রান্তি অথবা কোনো পক্ষ থেকে অস্বীকৃতির কোনো পরিস্থিতির উদ্ভব হলে তখন তা কাজে লাগে। দ্বিতীয় মাসআলা হলো ধার-কর্জের ব্যাপারে মেয়াদ অবশ্যই নির্দিষ্ট করতে হবে।
তাই ইসলাম ঋণ পরিশোধে সময়ানুবর্তিতাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। এ ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) অত্যন্ত কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘ধনী (সামর্থ্যবান) ব্যক্তির (ঋণ পরিশোধে) বিলম্ব করা জুলুম।’ (বুখারি, হাদিস : ২৪০০)
এই হাদিসে মূলত পাওনা পরিশোধে অযথা বিলম্ব করার ব্যাপারে সতর্ক করা হয়েছে।
এর বিপরীতে যদি সত্যিই ঋণগ্রহীতা অসচ্ছল হয়ে পড়েন, তাহলে তার ক্ষেত্রে ইসলামের নির্দেশ ভিন্ন। সে ক্ষেত্রে ঋণগ্রহীতাকে অবকাশ দেওয়া কিংবা ঋণ মওকুফ করে দেওয়ার মধ্যে বিশেষ সওয়াব রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর যদি সে অসচ্ছল হয়, তাহলে সচ্ছলতা আসা পর্যন্ত তার অবকাশ রয়েছে। আর সদকা করে দেওয়া তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।’ (সুরা : বাকারাহ, আয়াত : ২৮০)
তাই ঋণের মতো লেনদেনে ঋণগ্রহীতা ও দাতা উভয়কে আন্তরিক হতে হবে, বিশেষ করে ঋণ গ্রহণের সময় তা যথাযথভাবে সময়মতো পরিশোধ করার বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। তাহলে সেই লেনদেনে আল্লাহর রহমত থাকবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি মানুষের সম্পদ গ্রহণ করে তা পরিশোধ করার ইচ্ছায়, আল্লাহ তা পরিশোধের ব্যবস্থা করে দেন। আর যে তা নষ্ট করার উদ্দেশ্যে গ্রহণ করে, আল্লাহ তাকে ধ্বংস করেন।’ (বুখারি, হাদিস : ২৩৮৭)
এখানে ঋণকে একটি আমানত ও নৈতিক দায় হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ ঋণ নেওয়ার সময় থেকেই পরিশোধে দৃঢ়সংকল্প থাকা উচিত। কারণ তা বান্দার হক, তা আদায় না করে যত বড় আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়া হোক না কেন, পাওনাদার মাফ না করলে তা মাফ হবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘শহীদের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, ঋণ ছাড়া।’ (মুসলিম, হাদিস : ৪৭৭৭)
অন্য হাদিসে ইরশাদ হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনের রুহ ঋণ পরিশোধ না করা পর্যন্ত তার ঋণের সঙ্গে বন্ধক অবস্থায় থাকে।’ (তিরমিজি, হাদিস : ১০৭৮)
তাই মুমিনের উচিত ঋণ গ্রহণের ক্ষেত্রে আরো সতর্ক থাকা। এটি মুমিনের আমানতদারি, প্রতিশ্রুতি রক্ষা ও মানুষের হক আদায়ের পরীক্ষা। মহান আল্লাহ আমাদের সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার তাওফিক দান করুন। আমিন।
সৌজন্যে কালের কণ্ঠ।