জগন্নাথপুর২৪ ডেস্ক::
গ্রিসে যাওয়ার জন্য ১৪ লাখ টাকা জোগাড় করতে পরিবারের জমি বিক্রি ও বন্ধক রাখতে হয়েছে খুলনার তেরখাদা উপজেলার মল্লিকপুরে তানভীর আহমেদ হাদীকে। দালালের মাধ্যমে লিবিয়া থেকে বাতাসভরা রাবারের নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গত ১৭ আগস্ট গ্রিসে পৌঁছান তিনি। কিন্তু যে কাজের আশায় দেশ ছেড়েছিলেন, তা জোটেনি। এখন গ্রিসের লেরোস দ্বীপের একটি আটককেন্দ্রে দিন কাটছে তাঁর। খাবারের খরচ জোগাতে এখনো বাড়ি থেকে মাসে প্রায় ২০ হাজার টাকা পাঠাতে হয়।
তানভীরের অভিযোগ, আটককেন্দ্রে দিনে একবার যে খাবার দেওয়া হয়, তা অনেক সময় খাওয়ার উপযোগী থাকে না। বাড়ি থেকে টাকা না পাঠালে না খেয়ে থাকতে হবে বলে জানান তিনি।
তানভীরের মতো অনেক বাংলাদেশি সমুদ্রপথে বিপজ্জনক যাত্রা শেষে গ্রিসের বিভিন্ন দ্বীপে আটকা পড়েছেন। এর মধ্যে লেরোস, কোস, সামোস ও লেসবোসের অভিবাসী আটককেন্দ্রে থাকা নয়জন বাংলাদেশির সঙ্গে প্রথম আলোর মুঠোফোনে কথা হয়েছে। তাঁদের দাবি, ৮ হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন দ্বীপে আটকা আছেন।
অন্যদিকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে সমুদ্রপথে গ্রিসে পৌঁছেছেন ৬ হাজার ১৫০ জন বাংলাদেশি। তবে গ্রিসের রাজধানী এথেন্সকেন্দ্রিক বাংলাদেশ-সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, এ সংখ্যা আরও বেশি হবে।
এথেন্সে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে দেশটিতে আশ্রয় চেয়ে আবেদনকারীদের মধ্যে দুই হাজার বাংলাদেশির আটক থাকার বিষয়টি গত সপ্তাহে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে গ্রিক সরকার। আটক বাকিদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে, সে প্রক্রিয়া শেষ হওয়ার পর গ্রিক সরকার বাংলাদেশ দূতাবাসকে অবহিত করবে।
ঢাকার সরকারি একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকারও গ্রিস থেকে একটি প্রতিবেদন পেয়েছে, যাতে অনিয়মিত পথে গ্রিসে গিয়ে অনেক বাংলাদেশির রাজনৈতিক আশ্রয় চাওয়ার কথা উঠে এসেছে।
বেশি আয়ের আশায়, সাগরে ৪৬ ঘণ্টা
তানভীর ২০২৪ সালে এসএসসি পাস করেন। ছোট ভাই ও বোন এখনো পড়ছে। পড়ালেখা শেষ করেও অনেককে বেকার থাকতে দেখেছেন তিনি। তাঁর ধারণা ছিল, দেশে ভালো চাকরি জোগাড় করতেও লাখ লাখ টাকা লাগবে। তাই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। যাঁকে টাকা দিয়েছিলেন, তিনি মূল দালালের সহযোগী বলে জানান তানভীর। মূল দালালের নামও তাঁর জানা ছিল না।
জীবনের ঝুঁকি জেনেও কেন অনেকে সাগরপথে গ্রিসে যাচ্ছেন, জানতে চাইলে এথেন্সে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা বলেন, সেখানে সচ্ছলভাবে আছেন, এমন কিছু বাংলাদেশি দেশে স্বজনদের বলেন, ভালো থাকতে হলে ঝুঁকি নিতে হয়। ভালো আয়ের প্রলোভনও তাঁদের টানে।
দূতাবাসের হিসাবে, গ্রিসে বৈধভাবে আছেন প্রায় ২৪ হাজার বাংলাদেশি। দুই দেশের সমঝোতা অনুযায়ী, বছরে সর্বোচ্চ চার হাজার বাংলাদেশির কাজ নিয়ে দেশটিতে যাওয়ার সুযোগ আছে। তবে এ পথে কর্মী যাচ্ছেন কম। গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা সম্প্রতি সে দেশের অলিম্পিয়া ফোরামে জানান, প্রশাসনিক ও ভিসার জটিলতায় দুই বছরে এই ব্যবস্থায় ৫০০ জনের কম কর্মী গ্রিসে পৌঁছাতে পেরেছেন।
তানভীরের যাত্রা শুরু হয়েছিল জানুয়ারির দিকে। প্রথমে ওমরাহ করতে সৌদি আরবে যান। ছয় দিন পর সেখান থেকে উড়োজাহাজে মিসর, এক রাত পর লিবিয়া। তানভীর জানান, বেনগাজিতে দালালের লোকজন তাঁদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন। কখনো একজনের খাবার পাঁচজন ভাগ করে খেয়েছেন।
কয়েক মাস পর একদিন গাড়িতে করে তাঁদের সাগরপাড়ে নেওয়া হয়। তানভীর জানতেন, গ্রিসে যেতে সাগর পেরোতে হবে। দালাল তাঁকে কাঠের নৌকার কথা বলেছিলেন। তীরে গিয়ে দেখেন, বাতাসভরা রাবারের নৌকা। তাতেই ওঠেন ৫৭ জন। সেদিন আবহাওয়া খারাপ ছিল। নৌকায় পানি ঢুকে সঙ্গে নেওয়া শুকনা খাবার নষ্ট হয়ে যায়। পান করার মতো সামান্য পানি ছিল। নৌকা থেকে পানি সেচতে সেচতে ৪৬ ঘণ্টা পর তাঁরা গ্রিসের তীরে পৌঁছান।
আশ্রয় মিলছে না, দেশে ফেরার প্রস্তাব
তীরে নামার ঘণ্টা দুয়েকের মধ্যে পুলিশ তানভীরদের সবাইকে একটি আটককেন্দ্রে নিয়ে যায়। দুই দিন পর নেওয়া হয় লেরোস দ্বীপে। তানভীর জানান, তখন তাঁকে বলা হয়েছিল, ১২ সপ্তাহ পর কাজের ব্যবস্থা হবে। পরে সাক্ষাৎকার নিয়ে জানানো হয়, তাঁর আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। এখন তাঁকে স্বেচ্ছায় দেশে ফেরার কথা বলা হচ্ছে।
গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা গত শনিবার বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মানুষ সমুদ্রপথে গ্রিসে আসছেন। তাঁর বক্তব্য, বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করায় এখন বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে না।
অনিয়মিত পথে এসে যাঁরা আটকা পড়েছেন, তাঁদের বিষয়ে গ্রিক সরকার কী ভাবছে, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের ভূমিকা নেই। যাঁরা বৈধভাবে আসছেন, তাঁদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব।’
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গ্রিসে বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন এখনো বিবেচনা করা হচ্ছে। তবে সুরক্ষা পাচ্ছেন খুব কম মানুষ। চলতি বছরের প্রথম ৯ মাসে আন্তর্জাতিক সুরক্ষা চেয়ে বাংলাদেশিদের সাত হাজারের বেশি আবেদন জমা পড়েছে। একই সময়ে প্রথম ধাপে যেসব আবেদনের সিদ্ধান্ত হয়েছে, তাতে সুরক্ষা পাওয়ার হার ১ শতাংশের কম।
লিবিয়াসহ উত্তর আফ্রিকা থেকে অনিয়মিতভাবে সমুদ্রপথে আসা মানুষের আশ্রয়ের আবেদন নিবন্ধন এক দফা স্থগিত করেছিল গ্রিস। ওই স্থগিতাদেশ ছিল ২০২৫ সালের ১৪ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। গ্রিস ২০২১ সালে বাংলাদেশকে ‘নিরাপদ উৎসদেশের’ তালিকায় রেখেছে। চলতি বছরের ১২ জুন থেকে কার্যকর ইউরোপীয় ইউনিয়নের তালিকাতেও বাংলাদেশ রয়েছে। তারপরও দেশে ফিরলে কোনো আবেদনকারী ব্যক্তিগতভাবে নিপীড়ন বা গুরুতর ক্ষতির ঝুঁকিতে পড়বেন কি না, তা বিবেচনার সুযোগ আছে। শুধু কাজের অভাব আশ্রয় পাওয়ার ভিত্তি নয়।