স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে দেশি-বিদেশি প্রখ্যাত কারীদের সুললিত কুরআন তিলাওয়াত ও ইসলামি সংগীতের (নাশিদ) সুরে এক আধ্যাত্মিক ও আড়ম্বরপূর্ণ রাত কেটেছে।
গতকাল রোববার (২২ নভেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত দুই পর্বে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, পাগড়ি প্রদান ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। প্রবাসী ও মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মহতি অনুষ্ঠান উপভোগ করতে বিকেল থেকেই মাদ্রাসা মাঠে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে।
অনুষ্ঠানের প্রথম পর্বে অত্র মাদ্রাসা থেকে হিফজুল কুরআন সম্পন্নকারী ৩০ জন নবীন হাফেজের মাথায় সম্মাননার পাগড়ি পরিয়ে দেওয়া হয়। হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান নসিহত পেশ, পাগড়ি বিতরণ ও বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপ-পরিচালক শায়খুল হাদিস ড. মাওলানা মোহাম্মদ মুশতাক আহমদ।
বাদ মাগরিব অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ সন্ধ্যা। মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমেদের সভাপতিত্বে এবং কবি মীম সুফিয়ানের সঞ্চালনায় এ পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল এবং জগন্নাথপুর উপজেলার হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মঈনুল ইসলাম পারভেজ।
সম্মেলনে পবিত্র কুরআন থেকে হৃদয়স্পর্শী তিলাওয়াত পরিবেশন করেন তানজানিয়ার শাইখ ইদী সাবান, মিশরের শাইখ সনদ আবদুল হামিদ, ইন্দোনেশিয়ার শাইখ আবদুল আজিজ, আফ্রিকার শাইখ রামাদান জুমা এবং বাংলাদেশের শাইখ আব্বাস উদ্দিন। এ ছাড়া মনোমুগ্ধকর নাশিদ পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী মুজাহিদুল ইসলাম বুলবুল, আহমদ আবদুল্লাহ, ফয়েজ আহমদ শাহরুখ, শেখ এনাম ও শিশুশিল্পী পারভেজ আহমদ।
অনুষ্ঠানে স্থানীয় শীর্ষ আলেম-ওলামা ও শিক্ষাবিদদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুল রাজ্জাক, মুহতামিম ও বিশিষ্ট লেখক সৈয়দ মুমিন আহমদ মবনু, মাওলানা সৈয়দ মসরুর আহমদ কাসেমী, হাফিজ মাওলানা সৈয়দ ময়নুল ইসলাম, হাফিজ মাওলানা আলী আহমদ, মাওলানা তৈয়বুর রহমান, চিলাউড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, জয়দা আরাবিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মখছুছিল কারী চৌধুরী, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন এবং শাহারপাড়া শাহকামাল মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুনিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।