1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে শেষ হলো ‘ইসলামিক সোসাইটি’র ৩য় মেধাবৃত্তি পরীক্ষা  এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই হবেন নারী: জুবাইদা রহমান জগন্নাথপুরে ওয়ারিদ উল্লাহ এন্ড ফরিদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে কনে উধাও, বরযাত্রী নিয়ে দিশেহারা বর অন্যকে দায়ী না করে ভুল স্বীকার করা জরুরি এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের  ঘটনায় তদন্ত শুরু সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে মানব পাচারকারী সহ ৭জন আটক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

ঋণ শোধে অযথা বিলম্ব নিয়ে মহানবী (সা.)-এর সতর্কবার্তা

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ Time View
ইসলাম অহেতুক ঋণ করার প্রতি উৎসাহ দেয় না। তবে কখনো কখনো মানুষের জীবনে ঋণ গ্রহণ জরুরি হয়ে পড়ে এবং বৈধ প্রয়োজনে তা গ্রহণ করা জায়েজও।

ব্যবসা শুরু করা বা টিকিয়ে রাখা, বাড়ি নির্মাণ, চিকিৎসা, শিক্ষা কিংবা সাময়িক আর্থিক সংকট মোকাবেলায় ঋণ মানুষকে আর্থিক ও মানসিক স্বস্তি দেয়। তবে এ কথা মনে রাখতে হবে, ঋণ নেওয়ার সঙ্গে ইসলামে অবশ্য পালনীয় বান্দার হক আদায় এবং আমানতদারিতা রক্ষার মতো অনেক বিষয় জড়িয়ে আছে। তাই বান্দার উচিত, ঋণ গ্রহণ ও পরিশোধের সময় পবিত্র কোরআনের নির্দেশনা পালন করা। 

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ, যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য পরস্পর ঋণের লেনদেন করবে, তখন তা লিখে রাখবে।

আর তোমাদের মধ্যে একজন লেখক যেন ইনসাফের সঙ্গে লিখে রাখে এবং কোনো লেখক আল্লাহ তাকে যেরূপ শিক্ষা দিয়েছেন, তা লিখতে অস্বীকার করবে না। সুতরাং সে যেন লিখে রাখে এবং যার ওপর পাওনা সে (ঋণ গ্রহীতা) যেন তা লিখিয়ে রাখে।’ (সুরা : বাকারাহ, আয়াত : ২৮২) 

তাফসিরবিদদের মতে, ধার-কর্জের লেনদেনে দলিল-দস্তাবেজ লিপিবদ্ধ করা উচিত, যাতে ভুলভ্রান্তি অথবা কোনো পক্ষ থেকে অস্বীকৃতির কোনো পরিস্থিতির উদ্ভব হলে তখন তা কাজে লাগে। দ্বিতীয় মাসআলা হলো ধার-কর্জের ব্যাপারে মেয়াদ অবশ্যই নির্দিষ্ট করতে হবে।

অনির্দিষ্ট সময়ের জন্য ধার-কর্জের লেনদেন জায়েজ নয়। কেননা, এতে কলহ-বিবাদের দ্বার উন্মুক্ত হয়! (তাফসিরে মাআরেফুল কোরআন) 

তাই ইসলাম ঋণ পরিশোধে সময়ানুবর্তিতাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। এ ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) অত্যন্ত কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘ধনী (সামর্থ্যবান) ব্যক্তির (ঋণ পরিশোধে) বিলম্ব করা জুলুম।’ (বুখারি, হাদিস : ২৪০০)

এই হাদিসে মূলত পাওনা পরিশোধে অযথা বিলম্ব করার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

ফলে যার হাতে অর্থ আছে, নির্ধারিত সময়ে পরিশোধ করার সক্ষমতা আছে, অথচ ইচ্ছাকৃতভাবে পাওনাদারকে ঘোরানো, সময়ক্ষেপণ করা বা বারবার কালক্ষেপণ করা ইসলামের দৃষ্টিতে নিছক অসৌজন্য নয়, এটি জুলুম। 

এর বিপরীতে যদি সত্যিই ঋণগ্রহীতা অসচ্ছল হয়ে পড়েন, তাহলে তার ক্ষেত্রে ইসলামের নির্দেশ ভিন্ন। সে ক্ষেত্রে ঋণগ্রহীতাকে অবকাশ দেওয়া কিংবা ঋণ মওকুফ করে দেওয়ার মধ্যে বিশেষ সওয়াব রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর যদি সে অসচ্ছল হয়, তাহলে সচ্ছলতা আসা পর্যন্ত তার অবকাশ রয়েছে। আর সদকা করে দেওয়া তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।’ (সুরা : বাকারাহ, আয়াত : ২৮০)

তাই ঋণের মতো লেনদেনে ঋণগ্রহীতা ও দাতা উভয়কে আন্তরিক হতে হবে, বিশেষ করে ঋণ গ্রহণের সময় তা যথাযথভাবে সময়মতো পরিশোধ করার বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। তাহলে সেই লেনদেনে আল্লাহর রহমত থাকবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি মানুষের সম্পদ গ্রহণ করে তা পরিশোধ করার ইচ্ছায়, আল্লাহ তা পরিশোধের ব্যবস্থা করে দেন। আর যে তা নষ্ট করার উদ্দেশ্যে গ্রহণ করে, আল্লাহ তাকে ধ্বংস করেন।’ (বুখারি, হাদিস : ২৩৮৭)

এখানে ঋণকে একটি আমানত ও নৈতিক দায় হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ ঋণ নেওয়ার সময় থেকেই পরিশোধে দৃঢ়সংকল্প থাকা উচিত। কারণ তা বান্দার হক, তা আদায় না করে যত বড় আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়া হোক না কেন, পাওনাদার মাফ না করলে তা মাফ হবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘শহীদের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, ঋণ ছাড়া।’ (মুসলিম, হাদিস : ৪৭৭৭)

অন্য হাদিসে ইরশাদ হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনের রুহ ঋণ পরিশোধ না করা পর্যন্ত তার ঋণের সঙ্গে বন্ধক অবস্থায় থাকে।’ (তিরমিজি, হাদিস : ১০৭৮)

তাই মুমিনের উচিত ঋণ গ্রহণের ক্ষেত্রে আরো সতর্ক থাকা। এটি মুমিনের আমানতদারি, প্রতিশ্রুতি রক্ষা ও মানুষের হক আদায়ের পরীক্ষা। মহান আল্লাহ আমাদের সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার তাওফিক দান করুন। আমিন।

সৌজন্যে কালের কণ্ঠ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com