জগন্নাথপুর২৪ ডেস্ক::
কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা
সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৪৩-৪৪
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে
سُبۡحٰنَهٗ وَ تَعٰلٰی عَمَّا یَقُوۡلُوۡنَ عُلُوًّا كَبِیۡرًا ﴿۴۳﴾
تُسَبِّحُ لَهُ السَّمٰوٰتُ السَّبۡعُ وَ الۡاَرۡضُ وَ مَنۡ فِیۡهِنَّ ؕ وَ اِنۡ مِّنۡ شَیۡءٍ اِلَّا یُسَبِّحُ بِحَمۡدِهٖ وَ لٰكِنۡ لَّا تَفۡقَهُوۡنَ تَسۡبِیۡحَهُمۡ ؕ اِنَّهٗ كَانَ حَلِیۡمًا غَفُوۡرًا ﴿۴۴﴾
সরল অনুবাদ
৪৩. তিনি পবিত্র, মহিমান্বিত এবং তারা যা বলে তা থেকে তিনি বহু ঊর্ধ্বে।
৪৪. সাত আসমান ও জমিন এবং এগুলোর অন্তর্বর্তী সব কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে (১) এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না; কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা বুঝতে পারো না; নিশ্চয় তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ।
সংক্ষিপ্ত ব্যাখ্যা
সুরা বনি ইসরাঈলের ৪৪ নম্বর আয়াতে বলা হচ্ছে যে ইচ্ছাগত তাসবিহ তো শুধু ফেরেশতা এবং ঈমানদার জিন ও মানবের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু সৃষ্টিগতভাবে আল্লাহ্ তাআলা জগতের প্রত্যেকটি অণু-পরমাণুকে তাসবিহ পাঠকারী বানিয়ে রেখেছেন।
(ইবন কাসীর) কিন্তু তাদের এই সৃষ্টিগত ও বাধ্যতামূলক তাসবিহ সাধারণ মানুষের শ্রুতিগোচর হয় না। এ আয়াতেই বলা হয়েছে, (وَلَٰكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ) এ উক্তি এ কথা প্রমাণ করে যে প্রত্যেক বস্তুর সৃষ্টিগত তাসবিহ এমন জিনিস, যা সাধারণ মানুষ বুঝতে সক্ষম নয়। অবস্থাগত তাসবিহ তো বিবেকবান ও বুদ্ধিমানরা বুঝতে পারে। এ থেকে জানা গেল যে এই তাসবিহ পাঠ শুধু অবস্থাগত নয়, সত্যিকারের; কিন্তু আমাদের বোধশক্তি ও অনুভূতির ঊর্ধ্বে।
তা ছাড়া মুজেজা ও কারামত হিসেবে অচেতন বস্তুসমূহের তাসবিহও আল্লাহ্ তাআলা মাঝে মধ্যে শুনিয়ে থাকেন। যেমন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবার খেতাম, এমতাবস্থায় আমরা খাবারের তাসবিহও শুনতাম।’ (বুখারি, হাদিস : ৩৫৭৯) অনুরূপভাবে মরা খেজুরগাছের কাঠের কান্না। (বুখারি, হাদিস : ৩৫৮৩) মক্কার এক পাথর কর্তৃক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সালাম দেওয়া।
(মুসলিম, হাদিস : ২২৭৭) এসব ঘটনাবলি তারই প্রমাণ বহন করে।
আর সুরা ছোয়াদে দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে— ‘আমি পাহাড়সমূহকে আজ্ঞাবহ করে দিয়েছি। তারা দাউদের সাথে সকাল-বিকাল তাসবিহ পাঠ করে।’ (সুরা : ছোয়াদ, আয়াত : ১৮) সুরা আল-বাকারায় পাহাড়ের পাথর সম্পর্কে বলা হয়েছে : ‘কতক পাথর আল্লাহর ভয়ে নিচে পড়ে যায়।’ (সুরা : বাকারা, আয়াত : ৭৪)।
এতে প্রমাণিত হয়েছে যে, পাথরের মধ্যেও চেতনা, অনুভূতি ও আল্লাহর ভয় রয়েছে। সুরা : মারইয়ামে নাসারা সম্প্রদায় কর্তৃক ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র আখ্যায়িত করার প্রতিবাদে বলা হয়েছে : ‘তারা বলে, ‘দয়াময় সন্তান গ্রহণ করেছেন। তোমরা তো এমন এক বীভৎস বিষয়ের অবতারণা করছ; যাতে আকাশমণ্ডলী বিদীর্ণ হয়ে যাবে, পৃথিবী খণ্ড-বিখণ্ড হবে ও পর্বতমণ্ডলী চূর্ণ-বিচূর্ণ হয়ে আপতিত হবে, যেহেতু তারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে। অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের শোভন নয়!’ (সুরা : মার্ইয়াম, আয়াত : ৮৮-৯২) বলাবাহুল্য, এই ভয়-ভীতি তাদের চেতনা ও অনুভূতির পরিচায়ক। চেতনা ও অনুভূতি থাকলে তাসবিহ পাঠ করা অসম্ভব নয়।
সৌজন্যে কালের কণ্ঠ