জগন্নাথপুর২৪ ডেস্ক::
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপ-পরিদর্শককে (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে ব্যক্তিগত গাড়ি রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। বিষয়টি মীমাংসা করতে সেখানে যান আলতাফ হোসেন ও তার ছেলে। একপর্যায়ে ১০ থেকে ১৫ জন তাদের ওপর হামলা চালায়। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ৯টার দিকে তাদের উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ‘গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই হামলার শিকার হন এসবির ওই এসআই। দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়ে তিনি ও তার ছেলে হামলার শিকার হন। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ সূত্র-খবরের কাগজ