মানুষের জীবনে অনেক সংঘাতই বড় কোনো ঘটনা দিয়ে শুরু হয় না; শুরু হয় একটি বাক্য দিয়ে। একটি কঠোর শব্দ ভেঙে দেয় সম্পর্ক, দূরত্ব সৃষ্টি করে পরিবারে, বিভেদ তৈরি করে সমাজে। আবার একটি কোমল বাক্য রাগকে শান্ত করে, ভুল-বোঝাবুঝি দূর করে এবং ভাঙা হৃদয়কে জোড়া লাগায়। তাই ইসলাম মানুষের ঈমানি চরিত্রের অন্যতম পরিচয় হিসেবে তার ভাষাকে গুরুত্ব দিয়েছে।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ‘আর আমার বান্দাদের বলুন, তারা যেন এমন কথা বলে, যা সর্বোত্তম। নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে; নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।’ (সুরা : আল-ইসরা, আয়াত : ৫৩)
এই আয়াত মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক শান্তির একটি মৌলিক নীতি শিক্ষা দেয়।
আয়াতের দ্বিতীয় অংশে বলা হয়েছে, ‘নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে।
’ ইমাম কুরতুবি (রহ.) বলেন, মানুষের বেশির ভাগ ঝগড়া শুরু হয় কথার মাধ্যমে। শয়তান মানুষের অন্তরে অহংকার, রাগ ও ভুল-বোঝাবুঝি ঢুকিয়ে দেয়, আর একটি সাধারণ বাক্যকে বড় বিরোধে পরিণত করে। (আল-জামি‘লি আহকামিল কুরআন)
ইমাম ফখরুদ্দীন রাজী (রহ.) এই আয়াতের ব্যাখ্যায় বলেন, মানুষের ভেতরে আত্মসম্মান ও আবেগের প্রবণতা রয়েছে। কঠোর ভাষা সেই আবেগকে উত্তেজিত করে, ফলে যুক্তিবোধ দুর্বল হয়ে যায় এবং তখন শয়তান সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
(তাফসিরে কাবির)
অন্য এক আয়াতে বলা হয়েছে, ‘ভালো ও মন্দ সমান নয়। তুমি মন্দকে এমনভাবে প্রতিহত করো যা সর্বোত্তম; তখন যার সঙ্গে তোমার শত্রুতা ছিল, সে ঘনিষ্ঠ বন্ধুর মতো হয়ে যাবে।’ (সুরা : ফুসসিলাত, আয়াত : ৩৪)
এই আয়াত প্রমাণ করে, উত্তম ভাষা শুধু অশান্তি রোধই করে না, বরং শত্রুতাকেও বন্ধুত্বে রূপ দিতে পারে।
আজকের সমাজে পারিবারিক কলহ, সামাজিক বিভাজন, এমনকি রাজনৈতিক উত্তেজনার পেছনেও প্রায়ই উত্তেজনাপূর্ণ ভাষার ভূমিকা স্পষ্টভাবে দেখা যায়।
সুতরাং অবলীলায় এ দাবি করা যায় যে কথার মধ্যেই শান্তি ও অশান্তির বীজ লুকিয়ে আছে।
একজন মুমিনের দায়িত্ব হলো এমন ভাষা বেছে নেওয়া, যা হৃদয়ে প্রশান্তি আনে, সম্পর্ককে দৃঢ় করে এবং সমাজে শান্তির বাতাবরণ সৃষ্টি করে। তখনই তার কথা শুধু শব্দ থাকবে না; তা হবে ইবাদত, সদকা এবং জান্নাতের পথে এক আলোকিত পদক্ষেপ।
আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন।
সৌজন্যে কালের কণ্ঠ