জগন্নাথপুর২৪ ডেস্ক::
চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের সাড়ে ৭ কোটি ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, চীনের সঙ্গে আমাদের দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। এরইমধ্যে তারা টিকা পাঠানোও শুরু করেছে। আমরা চীন থেকে আরও ছয় কোটি ডোজ টিকার চুক্তি করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে এই অনুমোদন দিয়েছেন। তিনি বলেন, এসব টিকার মধ্যে অক্টোবর মাসে আসবে দুই কোটি আর নভেম্বর মাসে আসবে দুই কোটি ডোজ। বাকি টিকা পর্যায়ক্রমে আসবে।
আজ দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এর আগে বিএসএমএমইউ’র হাজার শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেন মন্ত্রী। করোনা সংক্রমণ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ দিনদিন খারাপ হচ্ছে। হাসপাতালগুলোতে কোথাও আইসিইউ বেড খালি নেই। কোভিড চিকিৎসায় সারাদেশে ১৭ হাজার সাধারণ বেড রয়েছে। তবে সেগুলোর প্রায় সবগুলোই রোগীতে ভর্তি হয়ে গেছে।
জাহিদ মালেক বলেন, হাসপাতালগুলোতে এখন করোনা চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু চিকিৎসাও করতে হচ্ছে। চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। তবে সংক্রমণ কমানোর সময় এসেছে। হাসপাতালে আর বেড বাড়ানোর সুযোগ নেই। বিএসএমএমইউর ফিল্ড হাসপাতাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএসএমএমইউর ফিল্ড হাসপাতালে আপাতত ৩৫৭টি শয্যা নিয়ে যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে ৪০টি আইসিইউ, বাকিগুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে। আর হাসপাতালটিকে পর্যায়ক্রমে এক হাজার বেডে উন্নীত করা হবে।
Leave a Reply