স্টাফ রিপোর্টার:
স্বপ্ন তার চিকিৎসক হয়ে দেশের গরীব মানুষদের বিনামূল্যে সেবা করার। সেই স্বপ্নের পথে বড় সাফল্য পেল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অনয় পাল অমি। চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে সে। মোট ১২৫০ মার্কের পরীক্ষায় অমির প্রাপ্ত নম্বর ১১৬৫।
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করে অমি। সে উপজেলার বাড়ি জগন্নাথপুর গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী বিনয় চন্দ্র পাল অনিকের একমাত্র সন্তান।
ছেলের এ সাফল্যে আনন্দ প্রকাশ করে ব্যবসায়ী বিনয় চন্দ্র পাল অনিক বলেন, ‘আমার ছেলের এ সাফল্যের পেছনে শুধু সে-ই নয়! তার শিক্ষকবৃন্দও সমান কৃতিত্বের অধিকারী। তবে শিক্ষক সংকটের মধ্যেও কেবল নিজের আগ্রহ নিয়ে যে সফল হওয়া যায়, অমি তার বাস্তব প্রমাণ।’
শিক্ষকদের প্রতি কৃতজ্ঞা জানিয়ে মেধাবী ওই শিক্ষার্থী অনয় পাল অমি বলেন, ‘আমি বড় হয়ে একজন গরীবের ডাক্তার হতে চাই। বিনা পয়সায় গরীব অসহায়দের সেবা দিতে চাই। আমার এ স্বপ্ন পূরনে আমি সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করছি।’