স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে কিশোরী ধর্ষণের ঘটনায় এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি মো. জিবলু মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)—৯।
গতকাল রোববার (২৩ আগস্ট ) বিকালে সিলেটের মোগলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিবলু মিয়া জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হাছন ফাতেমাপুর (নোয়াগাঁও) গ্রামের মো. বিল্লাল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, ভিকটিম ও আসামি প্রতিবেশী হওয়ার সুবাদে জিবলু তাদের বাড়িতে যাতায়াত করত। গত ১১ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে ভিকটিমের মা—বাবা বাড়িতে না থাকার সুযোগে আসামি ঘরে ঢুকে কিশোরীর হাত ও মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের মা বাড়িতে ফিরে মেয়েকে হাত বাঁধা ও বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনাটি প্রকাশ্যে এলে র্যাব—৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব—৯, সিপিসি—৩ (সুনামগঞ্জ) এবং সদর কোম্পানী (সিলেট)—এর একটি যৌথ আভিযানিক দল ২৩ আগস্ট বিকাল পৌনে ৬টার দিকে সিলেট জেলার মোগলাবাজার থানাধীন পীর হাবিবুর রহমান চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।