স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ‘ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসায়’ দাখিল পরীক্ষার পর এবার আলিম পরীক্ষায়ও নজিরবিহীন ফল বিপর্যয় ঘটেছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) আলিম পরীক্ষার ফলাফলে দেখা গেছে, উপজেলার ৭টি মাদরাসা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে পাসের হার সর্বনিম্ন এই মাদরাসায়।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার এই প্রতিষ্ঠান থেকে মোট ৩৩ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে মাত্র ৮ জন শিক্ষার্থী পাস করতে সক্ষম হয়েছে এবং বাকি ২৫ জন পরীক্ষার্থীই ফেল করেছে। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে কোনো জিপিএ-৫ আসেনি এবং সার্বিক পাসের হার দাঁড়িয়েছে মাত্র ২৪.২৪ শতাংশে।
অথচ গত বছর (২০২৫ সালে) এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি আলিম পরীক্ষায় ৯১.৬৭ শতাংশ পাসের হার নিয়ে পুরো উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছিল এবং সেবার ১টি জিপিএ-৫ এসেছিল। মাত্র এক বছরের ব্যবধানে পাসের হার ৯১ শতাংশ থেকে ২৪ শতাংশে নেমে আসায় শিক্ষা সংশ্লিষ্টদের মাঝে তোলপাড় শুরু হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, এই প্রতিষ্ঠানের ফল বিপর্যয়ের ধারা এবারই প্রথম নয়। এর আগে চলতি বছরের মে মাসে প্রকাশিত দাখিল পরীক্ষায়ও উপজেলার মধ্যে সবচেয়ে খারাপ ও সর্বনিম্ন ফলাফল করেছিল এই ইকড়ছই মাদরাসা। সে সময় দাখিলে তাদের পাসের হার ছিল মাত্র ২১.২১ শতাংশ।
টানা দুটি বড় পাবলিক পরীক্ষায় সুনামধন্য ও ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটির ধারাবাহিক এমন ফল বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয় সচেতন মহল। এই লজ্জাজনক ফলাফলের পর হতাশা ব্যক্ত করেছেন ক্ষুব্ধ অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী।