বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বছরের নতুন দিনে নতুন বই পায়নি ২৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে নতুন বইয়ের উৎসব থেকে বঞ্চিত হয়েছে প্রায় ১২ হাজার শিক্ষার্থী। তবে আজ শুক্রবার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে।
এদিকে প্রাথমিক পর্যায়ে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা ছিল শিক্ষার্থীরা। বিদ্যালয়ে বিদ্যালয়ে তাদের হাতে বই তুলে দেয়া হয়েছে গতকাল।
সংশ্লিষ্ট সুত্র জানায়, উপজেলা সরকারি মাধ্যমিক ও প্রাথমিক অফিস সুত্র জানায়, জগন্নাথপুরে এবার মাধ্যমিক পযার্য়ে দুই লাখ ১৬ হাজার ৮শ’ নতুন বইয়ের চাহিদা ছিল। এরমধ্যে বরাদ্দ পাওয়া গেছে এক লাখ ৪ হাজার বই। দাখিলে বই পাওয়া যায়নি।
উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৬টি বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। বিদ্যালয়গুলো হচ্ছে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়, গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয় ও শ্রীরামসী উচ্চ বিদ্যালয়। ২৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই পায়নি। এসব বিদ্যালয়ে বই বরাদ্দ না থাকায় বই উৎসব থেকে বঞ্চিত হয় শিক্ষার্থীরা।
উপজেলার পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ সরকার বলেন, আমরা নতুন বই পায়নি। এজন্য শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারিনি।
তিনি জানান, তাঁদের বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ৬শ’ শিক্ষার্থী রয়েছে।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এবার চাহিদা অনুয়ায়ী নতুন পাঠ্যবই পাওয়া যায়নি। তবে যেসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা বই পায়নি দ্রুত তাঁদের মধ্যে নতুন বই পৌঁছে দেয়া হবে। তিনি জানান, ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মোট তালিকা এই মুর্হুতে আমাদের নিকট নেই। তবে এসব বিদ্যালয়ে প্রায় ১২ হাজার শিক্ষার্থী হতে পারে।
Leave a Reply